‘অসুস্থ ব্যক্তি’ ট্রাম্পকে থামানোর অনুরোধ মার্কিন সিনেটরের
ইরানের বিরুদ্ধে ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক ‘গণহত্যার হুমকির’ কড়া সমালোচনা করেছেন মার্কিন সিনেটের ডেমোক্র্যাট দলীয় নেতা চাক শুমার। ট্রাম্পের বক্তব্যকে কাণ্ডজ্ঞানহীন আখ্যা দিয়ে শুমার তাকে একজন ‘অত্যন্ত অসুস্থ ব্যক্তি’ হিসেবে অভিহিত করেছেন। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
ট্রাম্পের আগ্রাসী অবস্থানের বিরুদ্ধে রিপাবলিকান পার্টিকে হস্তক্ষেপ করার আহ্বান জানিয়েছেন শুমার। তিনি বলেন, ট্রাম্প একজন অত্যন্ত অসুস্থ ব্যক্তি। এই অপ্রয়োজনীয় যুদ্ধের বিরুদ্ধে যারা আমাদের সঙ্গে ভোট দিতে অস্বীকার করছেন, সেই প্রতিটি রিপাবলিকান সদস্যকে এই ভয়াবহ পরিণতির দায়ভার নিতে হবে।
সিনেটর শুমারের এই অবস্থানকে সমর্থন জানিয়েছেন হাউসের ডেমোক্র্যাট নেতা হাকিম জেফরিসও। তিনি এক বিবৃতিতে বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঠেলে দেওয়ার আগেই কংগ্রেসকে অবিলম্বে ইরানের এই হঠকারী যুদ্ধ বন্ধ করতে হবে। এখন সময় এসেছে প্রতিটি রিপাবলিকান সদস্যের জন্য দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশপ্রেমের পরিচয় দেওয়া এবং এই উন্মাদনা বন্ধ করা।
এর আগে ট্রাম্প ইরানের উদ্দেশে হুঁশিয়ারি দিয়েছিলেন, মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে একটি আস্ত সভ্যতা বিলীন হয়ে যাবে।
ট্রাম্পের এই বিতর্কিত বক্তব্যের পরপরই ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে ইরান। যদিও পরে পাকিস্তানের মধ্যস্থতায় ১০ এপ্রিলের আলোচনার পথ তৈরি হয়েছে।

এনটিভি অনলাইন ডেস্ক