ইতিহাস-ঐতিহ্যের টানে ঘুরে আসুন ২০০ বছরের জমিদারবাড়িতে
ইতিহাসের নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে চট্টগ্রামের হাটহাজারীর পাঁচকড়ি জমিদারবাড়ি। কালের সাক্ষী ২০০ বছরের পুরোনো এই স্থাপনা একসময় ছিল জমিদারি ঐতিহ্য ও আভিজাত্যের প্রতীক। এই বাড়ি স্থানীয়ভাবে লালাচন্দ্র জমিদারবাড়ি নামেও পরিচিত। দেয়ালের পোড়ামাটির নকশা, কাঠের মন্দির, পুরোনো সিঁড়ি, পুকুর আর বিশাল প্রাঙ্গণ—সবকিছুতেই যেন মিশে আছে অতীতের গল্প।
তবে এখানে গেলে শুধু ইতিহাসের সৌন্দর্যই চোখে পড়বে না, দেখা মিলবে সময়ের নির্মমতারও। দীর্ঘদিনের অযত্ন ও সংস্কারের অভাবে ভবনের অনেক অংশ জরাজীর্ণ হয়ে পড়েছে। দেয়ালে জমেছে শ্যাওলা, চারপাশে জন্মেছে আগাছা। তবু ভগ্নপ্রায় স্থাপনার প্রতিটি কোণে লুকিয়ে আছে এক সমৃদ্ধ জমিদারি পরিবারের স্মৃতি।
যেভাবে যাবেন পাঁচকড়ি জমিদারবাড়ি
চট্টগ্রাম নগর থেকে অক্সিজেন মোড় হয়ে হাটহাজারী সড়ক ধরে এগোতে হবে। আমান বাজারের কাছাকাছি পাঁচকড়ি চৌধুরী এলাকায় অবস্থিত এই জমিদারবাড়ি। শহর থেকে সড়কপথে সহজেই সেখানে যাওয়া যায়। যাত্রাপথে হাটহাজারীর পরিচিত জনপদ ও স্থানীয় পরিবেশ উপভোগ করার সুযোগও মিলবে।
বাড়ির প্রতিটি কোণে ইতিহাসের ছাপ
জমিদারবাড়ির ভেতরে প্রবেশ করতেই চোখে পড়ে এল-আকৃতির একটি দ্বিতল ভবন। পুরোনো স্থাপত্যশৈলীর ছাপ বহন করা ভবনটির দেয়ালে থাকা পোড়ামাটির নকশাগুলো শ্যাওলা ও আগাছায় ঢেকে গেছে। ভবনের বিভিন্ন অংশে ধরেছে ক্ষয়ের ছাপ। পাশের মন্দির ও অতিথিশালাও আংশিক ক্ষতিগ্রস্ত। আর্থিক সংকটের কারণে বর্তমান বংশধরদের পক্ষেও বিশাল এই স্থাপনার যথাযথ রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছে না। তবে বাড়ির একটি দীর্ঘ অংশ এখনো তুলনামূলক ভালো অবস্থায় রয়েছে।
ভবনের ভেতরে রয়েছে কাঠের পুরোনো সিঁড়ি। উত্তর পাশে রয়েছে কাঠের তৈরি একটি মন্দির। সময়ের ছাপ পড়লেও মন্দিরের কাঠের কারুকাজ এখনো দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে। বাড়ির প্রাঙ্গণে রয়েছে দুটি পুকুর, ঘোড়ার আস্তাবল, গোসলের জায়গা, পৃথক অতিথিশালা এবং পরিবারের পূর্বপুরুষদের সমাধিক্ষেত্রের মঠ।
বাড়িটির চারপাশে বড় বড় গাছ। পাখির কলকাকলিতে মুখর পরিবেশের মধ্যে বিরাজ করে এক ধরনের নির্জনতা। বিশাল এই বাড়িতে বর্তমানে বসবাস করেন মাত্র চারজন। একসময় যেখানে জমিদারি পরিবারের সদস্যদের আনাগোনা ছিল, সেখানে এখন নীরবতাই যেন সবচেয়ে বড় সঙ্গী।
জমিদারবাড়ির ইতিহাস
জমিদার বাড়ির ভেতরে ঢুকেই দেখা গেল এল প্যাটার্নের একটি দ্বিতল বাড়ি। ভবনগুলো একেবারে ক্ষয়ে গেছে। কিন্তু বাড়ির একটি লম্বা অংশ কিছুটা ভালো আছে। বাড়ির স্থাপত্য শৈলী বলছে, এটি বনেদি বাড়ি। বাড়ির উত্তর পাশে দেখা গেল কাঠের একটি মন্দির। মন্দিরটির কাঠের কারুকাজ এখনো দারুণ।
১৮৭০ থেকে ১৮৮০ সালের দিকে জমিদার অপর্ণাচরণ রায় চৌধুরী বাড়িটির নির্মাণকাজ শুরু করেন। তাঁর মৃত্যুর পর ছেলে মনমোহন রায় চৌধুরী নির্মাণকাজ শেষ করেন। মনমোহনের ডাকনাম ছিল পাঁচকড়ি। তাঁর নাম থেকেই বাড়িটি পরিচিতি পায় পাঁচকড়ি জমিদারবাড়ি হিসেবে। ১৯৪৯ সালে মারা যান পাঁচকড়ি।
প্রায় দেড় একর জমির ওপর গড়ে ওঠা এই বাড়িতে রয়েছে ছয়টি শয়নকক্ষ, একটি রান্নাঘর, একটি বসার ঘর, ঘোড়ার আস্তাবল, দুটি পুকুর, দুর্গামন্দির, অতিথিশালা ও দ্বিতল ভবন। বাড়িটির স্থাপত্যে ব্রিটিশ আমলের নির্মাণশৈলীর প্রভাব লক্ষ করা যায়।
জনশ্রুতি ও পরিবারের বংশধরদের তথ্যানুযায়ী, তাদের পূর্বপুরুষ লালা-লাল চন্দ্র রায় ভারতের পাঞ্জাব থেকে চট্টগ্রামে এসে বসতি স্থাপন করেছিলেন। সময়ের পরিক্রমায় এই পরিবার চট্টগ্রামে বিপুল সম্পত্তির মালিক হয়ে ওঠে। তবে ১৯৪৭ সালে দেশ বিভাগের পর জমিদার পরিবারের অনেক সম্পত্তি হাতছাড়া হয়ে যায়।
বর্তমানে জমিদারের চতুর্থ বংশধর অংশুমান রায় চৌধুরী ও তার পরিবার জরাজীর্ণ এই ভবনটির একটি অংশে বসবাস করছেন। কথা হলো তাদের সঙ্গে। তারা সাবলীল ভাষায় জানালেন, পাঁচকড়ি জমিদার বাড়ির ইতিহাস।
জমিদার বাড়িতে ঢুকতেই দেখা গেলো তাদের বাড়ির সমাধিক্ষেত্র মঠ। মঠমন্দিরের জমিদারির সূচনাকারী অর্পণাচরণ রায় চৌধুরীর সমাধি।
ভেতরে কাঠের সিঁড়িগুলো বেশ সুন্দর। পুরো বাড়ির চত্বর ভীষণ নির্জন। বড় বড় গাছ আর পাখির কলকাকলিতে মুখর। জমিদার বাড়ির ভিতরে নীরবতা। এতো বড় বাড়িতে থাকেন মাত্র চারজন লোক।
অংশুমান রায় চৌধুরী জানান, এই জমিদার বাড়ির নির্মাতা অর্পণাচরণ রায় চৌধুরী। জমিদার বাড়িটি অর্পণাচরণ রায় চৌধুরী নির্মাণ করলেও তার পুত্র পাঁচকড়ি রায় চৌধুরী তথা মনমোহন রায় চৌধুরীর নামে অধিক পরিচিত।
পাঁচকড়ি মনমোহন রায় চৌধুরীর ডাক নাম। পূর্ব পুরুষ লালা-লাল চন্দ্র রায় তৎকালীন মোগল ভারতের পাঞ্জাব থেকে এসেছেন বলে ধারণা করা হয়। অংশুমান রায় চৌধুরী বলেন, ‘এটি জমিদারের গ্রামের বাড়ি’। আরো ৩১টি বাড়ি ছিল চট্টগ্রাম শহরে। বাড়িগুলো হাতবদল হয়েছে। আমাদের পরিবারের ট্র্যাজেডি হলো, কেউ ৫০ বছরের বেশি বাঁচেন না। তাই নাবালক সম্পত্তি হিসেবে অনেক বাড়ি আমাদের হাতছাড়া হয়ে গেছে।
তিনি জানান, চট্টগ্রাম অপর্ণাচরণ সিটি কর্পোরেশন গার্লস হাই স্কুল, চট্টগ্রাম শহরে নন্দন কানন এলাকায় অবস্থিত। এটি ১৯২৭ সালে প্রতিষ্ঠিত। এছাড়া শিকারপুর ইউনিয়নের লালাচন্দ্র বিল এই জমিদারির পূর্ব-পুরুষের স্মৃতি বহন করে।
সংরক্ষণের অপেক্ষায় ঐতিহাসিক স্থাপনা
দীর্ঘদিন সংস্কারের অভাবে ভবনটির অনেক অংশই এখন ভগ্ন প্রায়। পোড়ামাটির নকশা, কাঠের মন্দির ও পুরোনো স্থাপত্যের নানা নিদর্শন হারিয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। আর্থিক সীমাবদ্ধতার কারণে বর্তমান বংশধরদের পক্ষেও বাড়িটির যথাযথ রক্ষণাবেক্ষণ করা সম্ভব হচ্ছে না।
স্থানীয় সাবেক ইউপি সদস্য লোকমান হাকিম বাসসকে বলেন, ‘এটি উপনিবেশিক যুগের স্থাপত্যের একটি আকর্ষণীয় নমুনা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের এটিকে রক্ষণাবেক্ষণ করা উচিত।’
সরকারের কাছে স্থানীয় বাসিন্দারা এই ঐতিহাসিক স্থাপনাটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে ঘোষণা ও সংরক্ষণের দাবি জানিয়ে আসছেন।

বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)