সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৫ বছরের কারাদণ্ড
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও বিদেশে পাচারের মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদকে ১৫ বছরের কারাদণ্ড ও ৫০ কোটি টাকা জরিমানার আদেশ দিয়েছেন চট্টগ্রামের আদালত। আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) চট্টগ্রামের বিভাগীয় স্পেশাল জজ আদালত এ রায় ঘোষণা করেন।
রায়ে মামলাটির ৩৬ আসামির মধ্যে ১৭ জনকে ১০ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী ও ব্যাংকটির সাবেক চেয়ারম্যান রুখমিলা জামানসহ ব্যাংকটির সাবেক পরিচালক, সাবেক কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তারা রয়েছেন। বাকি ১৯ জনের বিরুদ্ধে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ না থাকায় তাদের খালাস দিয়েছেন আদালত।
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলাটির যুক্তিতর্ক শেষে আজ রায়ের দিন নির্ধারিত ছিল। মামলায় ৫৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন চার আসামি- আরামিট গ্রুপের এজিএম আব্দুল আজিজ, উৎপল পাল, এজিএম জাহাঙ্গীর ও কর্মচারী সুমন।
মামলার অভিযোগপত্র অনুযায়ী, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব প্রতিষ্ঠান ‘ভিশন ট্রেডিং’র মালিক দেখিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন নেওয়া হয়। পরে ওই অর্থ জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং বিদেশে সম্পদ ক্রয়ে ব্যবহার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ ঘটনা ঘটে বলে তদন্তে উঠে আসে।
২০২৫ সালের ২৪ জুলাই দুদক প্রধান কার্যালয়ের উপপরিচালক মো. মশিউর রহমান বাদী হয়ে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ভাইবোনসহ ৩১ জনের বিরুদ্ধে চট্টগ্রাম জেলা কার্যালয়ে মামলাটি করেছিলেন। তদন্ত শেষে গত ৫ জানুয়ারি তদন্ত কর্মকর্তা মো. মশিউর রহমান ৩৬ জনকে আসামি করে চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
রায় শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) অ্যাডভোকেট মোকাররম হোসেন বলেন, বাংলাদেশের কোনো আদালতে দুর্নীতি দমন কমিশন অর্থ পাচারের অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছে এবং আদালত সেই মর্মে রায় দিয়েছেন। সাবেক মন্ত্রী দেশের শত শত কোটি টাকা বাইরে পাচার করেছেন। পাচারকৃত এসব অর্থ দেশে ফিরিয়ে আনার ক্ষেত্রে এই রায় একটি মাইলফলক ও বড় ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন।
অন্যদিকে, আসামিপক্ষের আইনজীবী প্রকৃতি চৌধুরী বলেন, এই রায়ে তারা সন্তুষ্ট হতে পারেননি। ন্যায়বিচার পেতে তারা উচ্চ আদালতে আপিল করবেন।

আরিচ আহমেদ শাহ, চট্টগ্রাম