দুই পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ
গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কাকে রীতিমতো উড়িয়ে দিয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। ফাইনালে যাওয়ার লক্ষ্যে স্বাগতিকদের প্রতিপক্ষ পাকিস্তান। এ ম্যাচে কঠিন পরীক্ষা দিতে হবে কোচ টমাস ডুলির দলকে। এমন ম্যাচে বাংলাদেশের একাদশে দুই পরিবর্তন দেখা যেতে পারে।
আজ শনিবার (১৪ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
সেমিফাইনালে পাকিস্তানের বিপক্ষে আক্রমণ ভাগ ও রক্ষণ–দুই বিভাগে দুটি পরিবর্তন আনতে পারে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে চোট নিয়ে মাঠ ছেড়েছিলেন ফুলব্যাক সাদ উদ্দিন। পরে জানা যায়, পুরো টুর্নামেন্ট থেকেই ছিটকে পড়েছেন তিনি। ফলে বাধ্য হয়েই কোচ ডুলিকে এই পজিশনের জন্য পরিবর্তন আনতে হচ্ছে।
সাদ উদ্দিনের পরিবর্তে একাদশে সুযোগ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন বিশ্বনাথ ঘোষ। কিন্তু চোটের কারণে তিনিও থাকছেন না শুরুর একাদশে। ফলে বিকল্প হিসেবে রহমত মিয়াকে দেখা যেতে পারে স্কোয়াডে।
অন্যদিকে, আক্রমণ ভাগেও একটি পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে জয়সূচক একমাত্র গোলটি করেছিলেন মোহাম্মদ ইব্রাহীম। তবে দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে কোনো গোল পাননি তিনি।
ফলে সেমিফাইনালে ইব্রাহীমকে শুরুর একাদশে না রাখার প্রবল সম্ভাবনা রয়েছে। তার পরিবর্তে একাদশে সুযোগ পেতে পারেন শুকি ইতোফুসা। শ্রীলঙ্কা বিপক্ষে বদলি নেমে নজর কেড়েছিলেন তিনি।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ
মেহেদী হাসান শ্রাবণ (গোলরক্ষক), জায়ান আহমেদ, জিদান আলেকজান্ডার ইউসুফ, তারিক কাজী, রহমত মিয়া, হামজা চৌধুরী, শমিত সোম, সৈয়দ কাজেম কিরমানী শাহ, ফারহান আহমেদ ওয়াহিদ, শুকি ইতোফুসা, রাকিব হোসেন।

স্পোর্টস ডেস্ক