আর্জেন্টিনার পথে হেটেই বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে ইংল্যান্ড
বিশ্বকাপ জয়ের লক্ষ্যে আর্জেন্টিনার দেখানো পথ অনুসরণ করতে চায় ইংল্যান্ড। ইংলিশ ডিফেন্ডার ড্যান বার্নের মতে, বড় টুর্নামেন্টে সাফল্যের জন্য শুধু প্রতিভাবান খেলোয়াড় নয়, প্রয়োজন শক্তিশালী দলীয় বন্ধনও।
বিশ্বকাপের আগে ইংল্যান্ড দলের প্রস্তুতি নিয়ে কথা বলতে গিয়ে বার্ন বলেন, ‘আমরা দেখেছি, বেশির ভাগ সময়ই সেই দলগুলো জেতে, যাদের খেলোয়াড়দের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও মেলবন্ধন চমৎকার। আপনি যদি গত বিশ্বকাপের আর্জেন্টিনা দলের দিকে তাকান, দেখবেন তারা সবাই একে অপরের জন্য লড়াই করেছে। আমরাও এটাই চাই।’
৩৪ বছর বয়সী এই ডিফেন্ডার মনে করেন, জাতীয় দলে স্বল্প সময়ের জন্য একত্র হওয়ায় খেলোয়াড়দের মধ্যে গভীর সম্পর্ক গড়ে তোলা সহজ নয়। তবে সেই চ্যালেঞ্জই নিতে চাইছে ইংল্যান্ড।
বার্ন বলেন, ‘যখন দীর্ঘদিন একে অপরের সঙ্গে দেখা না হয়, তখন কথাবার্তাগুলো ভাসা–ভাসা হয়ে যায়। কথোপকথন “হাই, কেমন আছেন” শব্দের মধ্যে আটকে থাকে। কিন্তু আমাদের লক্ষ্য একে অপরকে আরও গভীরভাবে জানা, বোঝা।’
‘এল’ গ্রুপে থাকা ইংল্যান্ড বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৭ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে। একই গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ ঘানা ও পানামা। ১৯৬৬ সালের পর দ্বিতীয় বিশ্বকাপ শিরোপার খোঁজে থাকা দলটি এবার দলীয় ঐক্যকে সবচেয়ে বড় শক্তি হিসেবে গড়ে তুলতে চায়।

স্পোর্টস ডেস্ক