ম্যাচ জয়ের পর এবার ফিফাকে নিয়ম বদলাতে বললেন ইংল্যান্ড কোচ
ইংল্যান্ডের কোচ হিসেবে প্রথম বিশ্বকাপ ম্যাচে বড় জয় পেয়েছেন টমাস টুখেল। ক্রোয়েশিয়াকে ৪-২ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে দুর্দান্ত শুরু করেছে তার শিষ্যরা। তবে জয় পেলেও ম্যাচ শুরুর আগের একটি ঘটনা কোচ টুখেলকে বেশ হতাশ করেছে। আর তাই ফিফার কাছে তিনি অনুরোধ জানিয়েছেন ম্যাচের আগের নিয়ম বদলানোর জন্য।
ঘটনাটি ঘটেছে জাতীয় সংগীতের সময়। সেন্ট্রাল সার্কেলের চারপাশে ইংল্যান্ডের খেলোয়াড়রা যখন জাতীয় সংগীত গাইছিলেন, তখন টুখেল ছিলেন ডাগআউটের কাছে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টুখেল জানান, সেই আবেগঘন মুহূর্তে তার সামনে ফটোগ্রাফারদের ভিড় ছিল দেখার মতো। প্রায় ৫০ জন ফটোসাংবাদিক বিশাল সব ক্যামেরা ও লেন্স নিয়ে তাকে ঘিরে রেখেছিলেন। ফলে তিনি তার নিজের দলের কোনো খেলোয়াড়কেই দেখতে পাননি।
টুখেল বলেন, ‘আমি আমার খেলোয়াড়দের দেখতে চেয়েছিলাম, কিন্তু আমার মাত্র আধা মিটার সামনে ফটোগ্রাফারদের একটা দেয়াল ছিল। আমি ফিফার কাছে অনুরোধ করছি, তারা যেন জাতীয় সংগীতের সময় ফটোগ্রাফারদের পজিশন বদলে দেয়।’
নিজের আবেগ প্রকাশ করে এই জার্মান কোচ আরও বলেন, ‘ছোটবেলা থেকে এই বড় মঞ্চে দাঁড়ানোর স্বপ্ন দেখেছি। কিন্তু ওই মুহূর্তটিতে আমার সামনে থাকা মানুষের ভিড় পুরো অভিজ্ঞতাটা মাটি করে দিয়েছে। আমি আমার দলের কোনো খেলোয়াড়কেই চোখের সামনে দেখতে পাইনি।’
তবে মাঠের পারফরম্যান্সে টুখেল বেশ খুশি। প্রথমার্ধে হ্যারি কেইনের জোড়া গোল এবং দ্বিতীয়ার্ধে জুড বেলিংহ্যাম ও মার্কাস রাশফোর্ডের গোলে ইংল্যান্ডের জয় নিশ্চিত হয়। গ্রুপ ‘এল’-এর শীর্ষে থাকা ইংল্যান্ড তাদের পরবর্তী ম্যাচে মঙ্গলবার ঘানার মুখোমুখি হবে। জয়ের এই ধারা ঘানার বিপক্ষেও অব্যাহত রাখতে চাইবে টুখেলের শিষ্যরা।

স্পোর্টস ডেস্ক