সেমিফাইনালের আগে বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ
জয়ের আনন্দে যখন উচ্ছ্বসিত বাংলাদেশ, ঠিক তখনই বাংলাদেশ শিবিরে নেমে এল হতাশার ছায়া। মাঠের বড় সাফল্যের পর এবার চোটের ধাক্কায় গুরুত্বপূর্ণ এক ফুটবলারকে হারাতে হচ্ছে লাল-সবুজের দলকে।
গতকাল (১১ নভেম্বর) বুধবার শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ বার্তা দিয়েছে বাংলাদেশ। তবে এই জয়ের রাতেই দুঃসংবাদ হয়ে এসেছে ডিফেন্ডার সাদ উদ্দিনের চোট। ইনজুরির কারণে চলতি সাফে আর মাঠে নামা হচ্ছে না তার।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের ৮১ মিনিটে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করতে গিয়ে চোট পান সাদ। আঘাত এতটাই গুরুতর ছিল যে নিজের পায়ে হেঁটে মাঠ ছাড়তে পারেননি তিনি। স্ট্রেচারে করে তাকে মাঠের বাইরে নেওয়ার পর দ্রুত অ্যাম্বুলেন্সে হাসপাতালে পাঠানো হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় তার গোড়ালির টেন্ডনে চিড় ধরা পড়েছে। অস্ত্রোপচারের প্রয়োজন হবে কি না, তা এখনো নিশ্চিত নয়। তবে দলের সংশ্লিষ্ট সূত্রের খবর, টুর্নামেন্টের বাকি অংশে আর খেলতে পারবেন না এই ডিফেন্ডার।
সাফে বাংলাদেশের শুরুর দুই ম্যাচেই একাদশে জায়গা পেয়েছিলেন সাদ। রক্ষণ সামলানোর পাশাপাশি দলের আক্রমণ গড়ে তোলার কাজেও গুরুত্বপূর্ণ অবদান ছিল তার। এমন একজন ফুটবলারের অনুপস্থিতি নিঃসন্দেহে কোচ টমাস ডুলির জন্য বড় চিন্তার কারণ। বিশেষ করে রক্ষণভাগের পরিকল্পনায় এখন নতুন করে পরিবর্তন আনতে হতে পারে তাঁকে।
শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ শেষে সাদের ইনজুরি নিয়ে শঙ্কার কথা জানিয়েছিলেন কোচ ডুলি। তখনই ইঙ্গিত দিয়েছিলেন, টুর্নামেন্টে হয়তো আর পাওয়া যাবে না এই ডিফেন্ডারকে। পরবর্তী পরীক্ষার ফলাফলে শেষ পর্যন্ত সেই আশঙ্কাই বাস্তবে রূপ নিল।
এদিকে চোটের ধাক্কার মধ্যেও নিজেদের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে বাংলাদেশ দল। আজ ১২ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে বসুন্ধরা কিংস অ্যারেনায় অনুশীলন করেছে বাংলাদেশ দল। শ্রীলঙ্কার বিপক্ষে যারা খেলেছেন, তাদের রাখা হয়েছে বিশ্রাম ও পুনর্বাসন প্রক্রিয়ায়। বাকি ফুটবলাররা মাঠে নেমে অনুশীলন করেছেন।
তবে সাদ'কে হারানোর হতাশার মাঝেও বাংলাদেশ শিবিরে এসেছে কিছুটা স্বস্তি। চোট কাটিয়ে সুস্থতার পথে রয়েছেন তপু বর্মণ ও বিশ্বনাথ ঘোষ। আজ সতীর্থদের সঙ্গে পুরো অনুশীলন সেশনেও অংশ নিয়েছেন দুজন। তাদের দ্রুত ফিট হয়ে ওঠা দলের রক্ষণভাগের জন্য বড় ইতিবাচক খবর।

স্পোর্টস ডেস্ক