এবার কাউন্টিতে আলো ছড়াচ্ছেন খালেদ
কাউন্টি ক্রিকেটে বাংলাদেশি ক্রিকেটারদের খুব বেশি দেখা যায় না। এবার একই সঙ্গে সুযোগ পেয়েছেন দু’জন ক্রিকেটার। হাসান মাহমুদ আর খালেদ আহমেদ--দুজনই খেলছেন একই দল, কেন্টের হয়ে হয়ে। নিজের দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়ে জাতীয় দলের দায়িত্ব পালন করতে দেশে ফিরেছেন হাসান।
তবে থেমে নেই খালেদ। হাসান মাহমুদের ফেলে আসা দায়িত্বটা নিয়েছেন তিনি। দুর্দান্ত পারফরম্যান্সে দলকে সাফল্যের পথে রেখেছেন এই টাইগার পেসার। ক্যারিয়ারে প্রথমবার কাউন্টি ক্রিকেটে তুলে নিয়েছেন ‘ফাইফার’।
মঙ্গলবার কাউন্টি চ্যাম্পিয়নশিপের ডিভিশন দুই-র ম্যাচে ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ৪২ রানে ৫ উইকেট শিকার করেছেন খালেদ। তার সঙ্গে পেস আগুন দেখিয়েছেন ম্যাট মিলনে। তার শিকার ৪ উইকেট। এতে ১৬১ রানেই গুটিয়ে গেছে ল্যাঙ্কাশায়ার।
দিনের প্রথম সেশনে নিজের প্রথম স্পেলে ৬ ওভার বোলিং করেন খালেদ। এর মধ্যে প্রথম ৩ ওভারই নিয়েছেন মেইডেন। এই স্পেলে উইকেট শূন্য থাকলেও সবমিলিয়ে খরচ করেছেন মোটে ৯ রান।
এরপর মধ্যাহ্ন বিরতির পর আপন ছন্দে ফেরেন খালেদ। নিজের অষ্টম ও ইনিংসের ৩১তম ওভারে কিটন জেনিংসকে ফিরিয়ে নিজের এবং দলের প্রথম উইকেট তুলে নেন খালেদ। পয়েন্টে ক্যাচ দিয়ে ফেরেন জেনিংস। পরের ওভারে এসে ফেরান রিকি ফ্লিনটফকে। এলবিডব্লিউয়ের শিকার হিন ফ্লিনটফ।
এরপর উইকেট পেতে বেশ খানিকটা অপেক্ষা করতে হয়। ইনিংসের ৫৩তম ওভারে এসে নিজের তৃতীয় শিকার ধরেন খালেদ। এবার স্লিপে ক্যাচ বানিয়ে ফেরান উইকেটরক্ষক ব্যাটার ম্যাটি হার্স্টকে।
শেষদিকে গিয়ে খালেদের পাঁচ উইকেট পাওয়া নিয়ে দেখা দেয় শঙ্কা। কারণ আরেক প্রান্ত থেকে বল করা পেসার মিলনে ততক্ষণে ২৮ রান খরচায় তুলে নিয়েছেন ৪ উইকেট। আর খালেদের শিকার ৩ উইকেট। ল্যাঙ্কাশায়ারের বাকি ছিল মোটে ২টি।
তবে এরপর খালেদ আর মিলনেকে কোনো সুযোগই দেননি উইকেট শিকারের। নিজের ১৬তম ওভারে বোলিংয়ে এসে জোড়া উইকেট তুলে নিয়ে ফাইফার পূর্ণ করেন টাইগার পেসার। ওভারের চতুর্থ বলে ফেরত পাঠান স্ট্যানলিকে। পরের বলেই ফেরান নতুন ব্যাটার জেমস অ্যান্ডারসনকে।

স্পোর্টস ডেস্ক