২৪২ রানের ইনিংসে হৃদয়ের যত রেকর্ড
টেস্ট ক্রিকেটে ডাবল সেঞ্চুরি কেবল একটি ব্যক্তিগত মাইলফলক নয়। এটি একজন ব্যাটসম্যানের ধৈর্য, সামর্থ্য, মানসিক দৃঢ়তা এবং প্রতিকূল পরিস্থিতিতে লড়াই করে যাওয়ার অসাধারণ সক্ষমতার প্রতিচ্ছবি। বাংলাদেশের টেস্ট ক্রিকেটের ইতিহাসে এমন কীর্তি গড়েছেন মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও সাকিব আল হাসানের মতো তারকারা।
এবার সেই গৌরবময় ইতিহাসের নিজের নাম লেখালেন তাওহিদ হৃদয়। ব্যাট হাতে একের পর এক বাঁধা পেরিয়ে তিনিও জায়গা করে নিয়েছেন ডাবল সেঞ্চুরির এলিট ক্লাবে।
আজ শনিবার (৭ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিনে অনন্য এক ইনিংস উপহার দিয়েছেন হৃদয়। এই ইনিংসে কয়েকটি রেকর্ডেও নাম লিখিয়েছেন হৃদয়।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই মিরপুর টেস্টে অভিষেক হয় হৃদয়ের। সিলেটে নিজের দ্বিতীয় টেস্টে মাঠে নেমেছেন তিনি। আর সেখানেই দায়িত্বশীল ব্যাটিংয়ে তুলে নিলেন সেঞ্চুরি। এতেই গড়েছেন রেকর্ড। প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে নিজের দ্বিতীয় টেস্টেই সেঞ্চুরি পেলেন তিনি।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এটাই ছিল হৃদয়ের প্রথম সেঞ্চুরি। সেটাকেই তিনি রূপান্তর করেছেন ডাবল সেঞ্চুরি। এখানেও সবাইকে ছাড়িয়ে গেছেন হৃদয়। টেস্টে নিজের প্রথম সেঞ্চুরিকেই ডাবল সেঞ্চুরিতে রূপান্তর করা প্রথম বাংলাদেশি ব্যাটার তিনি। এর আগে প্রথম টেস্ট সেঞ্চুরি ইনিংসে সর্বোচ্চ ১৮১ রান করার রেকর্ড ছিল মুমিনুল হকের।
তানকিন আহমেদ আউট হলে শেষ হয় বাংলাদেশের ইনিংস। তবে অপরাজিত থেকেই মাঠ ছাড়েন হৃদয়। শেষ পর্যন্ত ৩৫৯ বল খেলে ২৪২ রান করেন তিনি। এই ইনিংস দিয়ে মুশফিক-তামিমদের পেছনে ফেলেছেন হৃদয়। বাংলাদেশের হয়ে টেস্টে সর্বোচ্চ রানের ইনিংস খেলার রেকর্ড এখন হৃদয়ের দখলে। এর আগে এই রেকর্ড ছিল মুশফিকের দখলে। ২১৯ রানের অপরাজিত ইনিংস ছিল তার।
তাওহি হৃদয়ের ২৪১ রানের এই ইনিংসটি সাজানো ছিল ১১টি ছক্কায়। এখানেও একটি রেকর্ড গড়েছেন তিনি। টেস্টের এক ইনিংসে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা হাঁকানোর রেকর্ড এখন তার দখলে। টেস্টে তার চেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড আছে কেবল ওয়াসিম আকরাম ও যশস্বী জয়সোয়ালের (১২টি করে)। তবে বাংলাদেশিদের মধ্যে টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কার রেকর্ডে সবার ওপরে হৃদয়।
বাংলাদেশ প্রথম ইনিংসে থেমেছে ৩৮৬ রানে। যেখানে হৃদয় একাই করেছে ২৪২ রান। শতাংশের হিসাবে যা ৬২.৬৯ শতাংশ। এটি একটি পূর্ণাঙ্গ ইনিংসে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের সর্বোচ্চ অবদান। এর আগে সর্বোচ্চ ছিল ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪৩ রানে অলআউট হওয়া ইনিংসে লিটনের ২৫ (৫৮.১৩%)।

স্পোর্টস ডেস্ক