সিলেট টেস্ট
হাসানের তোপে প্রথম সেশনে টাইগারদের দুর্দান্ত শুরু
সিলেট টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনেও বল হাতে দারুণ ছন্দে ছিলেন হাসান মাহমুদ। আগের দিনের দুই উইকেটের পর এদিনও নিজের দাপট অব্যাহত রেখেছেন বাংলাদেশের এই পেসার। প্রথম সেশনে তুলে নিয়েছেন আরও ৩ উইকেট। তার সঙ্গে একটি উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তাতে রান তোলার পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেটও হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
আজ শুক্রবার (৬ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনের প্রথম সেশনে ৪ উইকেট হারিয়ে ৮৭ রান যোগ করেছে ক্যারিবীয়রা। প্রথম সেশন শেষে ৯৫ ওভার শেষে ৮ উইকেটে ৩২২ রান নিয়ে লাঞ্চের বিরতিতে গেছে তারা। জোসেফ ১৬ রানে অপরাজিত আছেন। তার সঙ্গে অপর প্রান্তে রয়েছেন জোমেল ওয়ারিক্যান, অপরাজিত ৯ রানে।
এই সেশনে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ে সবচেয়ে বড় ধাক্কাগুলো দিয়েছেন হাসান মাহমুদ। তার পেস ও নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে টিকতে পারেননি ক্যারিবীয় ব্যাটাররা।
এদিকে মেহেদী হাসান মিরাজও পেয়েছেন একটি উইকেট। তবে লাঞ্চের ঠিক আগে আরও একটি উইকেট পাওয়ার সুযোগ তৈরি করেছিলেন তিনি। সেশনের শেষ বলে তার করা ডেলিভারিতে এলবিডব্লিউ হন শামার জোসেফ। আম্পায়ারও আঙুল তুলে দেন। তবে রিভিউ নিয়ে বেঁচে যান জোসেফ। ফলে দিনের প্রথম সেশনের শেষ বলে আর উইকেটের দেখা পায়নি বাংলাদেশ।
ওয়েস্ট ইন্ডিজের হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন আমির জাঙ্গু। তার ব্যাট থেকে এসেছে ১৩৩ রান। এ ছাড়া কেভিন উইকহ্যাম করেছেন ৬১ এবং জাস্টিন গ্রিভসের ব্যাট থেকে এসেছে ৫১ রান। জশুয়া বিশপের সংগ্রহ ২৩।
বাংলাদেশের বোলারদের মধ্যে হাসান মাহমুদ ৮৬ রান খরচায় নিয়েছেন ৫ উইকেট। তাসকিন আহমেদ পেয়েছেন ২ উইকেট। মিরাজের শিকার ১ উইকেট। তবে তাইজুল ইসলাম ও নাঈম হাসান এখনো উইকেটের দেখা পাননি।
আবারও পাঁচ উইকেটের দেখা পেলেন হাসান মাহমুদ
বারও বল হাতে দ্যুতি ছড়ালেন হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে তুলে নিয়েছেন ৫ উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটি তার পঞ্চম পাঁচ উইকেটের কীর্তি। তবে দেশের মাটিতে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেলেন এই পেসার।
হাসানের শিকারে পরিণত হয়েছেন কাভেম হজ, কেভিন উইকহ্যাম, আমির জাঙ্গু, রোস্টন চেজ ও জশুয়া বিশপ। এর আগে গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষেও পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।
এদিকে স্পিনারদের মধ্যে একটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৫১ রান করে তার শিকার হয়েছেন জাস্টিন গ্রিভস।
দ্বিতীয় দিনের শুরুতেই হাসানের ঝলক, চাপে ওয়েস্ট ইন্ডিজ
নতুন বলে যেন জ্বলে উঠলেন হাসান মাহমুদ। দ্বিতীয় নতুন বলে নিজের প্রথম ওভারেই তুলে নেন জোড়া উইকেট। টানা তিন বলে তিনটি উইকেট নেওয়ার সুযোগও তৈরি হয়েছিল তার সামনে। তবে হ্যাটট্রিকটি আর পূর্ণ হয়নি। রিভিউ নিয়ে জশুয়া বিশপ ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন। রিপ্লেতে দেখা যায়, বলটি ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাডের ওপরের অংশে আঘাত করেছিল। তবে এর আগের দুই বলে কোনো রিভিউয়ের সুযোগই ছিল না। দুর্দান্ত এক ডেলিভারিতে সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুকে বোল্ড করেন হাসান। পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। দুটোই ছিল নিখুঁত লাইন ও লেংথের দারুণ ডেলিভারি।

স্পোর্টস ডেস্ক