সিলেট টেস্ট
আবারও পাঁচ উইকেটের দেখা পেলেন হাসান মাহমুদ
আবারও বল হাতে দ্যুতি ছড়ালেন হাসান মাহমুদ। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টের প্রথম ইনিংসে তুলে নিয়েছেন ৫ উইকেট। টেস্ট ক্যারিয়ারে এটি তার পঞ্চম পাঁচ উইকেটের কীর্তি। তবে দেশের মাটিতে প্রথমবারের মতো পাঁচ উইকেট পেলেন এই পেসার।
আজ শুক্রবার (৬ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু হয়েছে। প্রথম দিন ৭০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৩৫ রান সংগ্রহ করেছিল ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় দিনের শুরুতে আরও দুই ওভার ব্যাটিং করে স্কোরবোর্ডে যোগ করে ৬ রান। এই রিপোর্ট লিখা পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের সংগ্রহ ৯২ ওভারে ৮ উইকেটে ৩০১ রান।
হাসানের শিকারে পরিণত হয়েছেন কাভেম হজ, কেভিন উইকহ্যাম, আমির জাঙ্গু, রোস্টন চেজ ও জশুয়া বিশপ। এর আগে গত অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষেও পাঁচ উইকেট নিয়েছিলেন তিনি।
এদিকে স্পিনারদের মধ্যে একটি উইকেট পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। ৫১ রান করে তার শিকার হয়েছেন জাস্টিন গ্রিভস।
দ্বিতীয় দিনের শুরুতেই হাসানের ঝলক, চাপে ওয়েস্ট ইন্ডিজ
নতুন বলে যেন জ্বলে উঠলেন হাসান মাহমুদ। দ্বিতীয় নতুন বলে নিজের প্রথম ওভারেই তুলে নেন জোড়া উইকেট। টানা তিন বলে তিনটি উইকেট নেওয়ার সুযোগও তৈরি হয়েছিল তার সামনে। তবে হ্যাটট্রিকটি আর পূর্ণ হয়নি। রিভিউ নিয়ে জশুয়া বিশপ ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত বদলে দেন। রিপ্লেতে দেখা যায়, বলটি ব্যাটের ভেতরের কানায় লেগে প্যাডের ওপরের অংশে আঘাত করেছিল। তবে এর আগের দুই বলে কোনো রিভিউয়ের সুযোগই ছিল না। দুর্দান্ত এক ডেলিভারিতে সেঞ্চুরিয়ান আমির জাঙ্গুকে বোল্ড করেন হাসান। পরের বলেই উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। দুটোই ছিল নিখুঁত লাইন ও লেংথের দারুণ ডেলিভারি।
এখন পর্যন্ত ইনিংসে চারটি উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ।

স্পোর্টস ডেস্ক