মেসির মতো বিদায়ী ম্যাচ কি পাবেন রোনালদো?
বিশ্বকাপ শেষেই গুঞ্জন উঠেছিল বৈশ্বিক এই আসরেই বোধহয় নিজের শেষ ম্যাচটা খেলে ফেলবেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সেই ধারণা সত্য হয়নি, এরপরও জাতীয় দলের হয়ে খেলা চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। কিন্তু এবার আচমকাই আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন রোনালদো।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন রোনালদো। পাঁচ মিনিটের ভিডিওতে রোনালদো তুলে ধরেছেন তার শুরু থেকে শেষটা। আবেগঘন বার্তায় তুলে ধরেছেন জীবনের উত্থান-পতন, সংগ্রাম, অনুভূতি আর নানা স্মৃতি।
ক’দিন আগেই জাতীয় দলকে বিদায় জানিয়েছেন রোনালদোর চিরপ্রতিন্দ্বি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। ফুটবলের অন্যতম সেরা তারকাকে বিদায় জানাতে বর্ণাঢ্য বিদায়ী ম্যাচের আয়োজন করেছিল আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। এখন রোনালদো ভক্তদেরও মনে প্রশ্ন, তেমন একটি বিদায়ী ম্যাচ কি পাবেন রোনারদো? তাদের খুশির দিয়েছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন (এফপিএফ)।
সিআরসেভেনের এই হঠাৎ অবসরে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছে এফপিএফ। শুধু তাই নয়, তাদের প্রিয় অধিনায়কের এই বিদায়কে সাধারণ কোনো বিদায় হিসেবে মেনে নিতে নারাজ দেশটির ফুটবল সংস্থা। বরং তাকে রাজকীয় ও যথাযথ সম্মাননা দিতে বিশেষ এক বিদায়ী ম্যাচের আয়োজনের জোরালো পরিকল্পনার কথা জানিয়েছে তারা।
রোনালদোকে কেবল মাঠের একজন অসাধারণ ফুটবলার হিসেবেই দেখছে না এফপিএফ, বরং তাকে পর্তুগাল দলের সবচেয়ে বড় অনুপ্রেরণা, নিবেদনের প্রতীক এবং জাতীয় দলের চেতনার মূল চালিকাশক্তি হিসেবে অভিহিত করেছে।
ফেডারেশনের পাঠানো আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়েছে, ‘আমাদের জাতীয় দলের জার্সিতে এক অনন্য ও রূপকথার মতো আন্তর্জাতিক ক্যারিয়ার পার করেছেন আমাদের অধিনায়ক। দেশের হয়ে ২৩৪টি ম্যাচ খেলে ১৪৬টি গোল করেছেন তিনি। দেশের সব দায়িত্ব স্বেচ্ছায় নিজের কাঁধে তুলে নিয়ে একে একে ভেঙেছেন বিশ্ব ফুটবলের অনেক রেকর্ড। পর্তুগিজ ফুটবলের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে—এমন বহু অর্জনের সামনে থেকে দলকে নেতৃত্ব দিয়েছেন ক্রিস্টিয়ানো।’
পর্তুগালের লাল-সবুজ জার্সির প্রতি রোনালদোর যে অকৃত্রিম ভালোবাসা এবং নিঃশর্ত আত্মত্যাগ রয়েছে, তা বিশেষভাবে স্মরণ করেছে ফেডারেশন। তাদের মতে, সবুজ মাঠে তার প্রতিটি ফোঁটা ঘাম, দলের জন্য করা অসংখ্য গুরুত্বপূর্ণ গোল এবং বাহুতে জড়ানো অধিনায়কের আর্মব্যান্ডের প্রতি তার সর্বোচ্চ সম্মান—সবকিছুর মাধ্যমেই দেশের প্রতি তার অসীম নিবেদন প্রকাশ পেয়েছে। বিশ্বমঞ্চে সবসময় পর্তুগালের নাম উঁচুতে রাখতে সবচেয়ে বড় অবদান রেখেছেন এই মহাতারকা।
রোনালদোর এই অবসরের মুহূর্তটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়ে তাকে ইতিহাসের সেরা বিদায় সংবর্ধনা দিতে চায় পর্তুগিজ ফুটবল ফেডারেশন। বিবৃতিতে ফেডারেশন জানিয়েছে, ‘আমাদের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় তারকার এই বিদায়টি কোনোভাবেই যথাযথ সম্মাননা ছাড়া হতে পারে না, তা আমরা কখনোই মেনে নেব না। রোনালদোর এই বিশাল ও বর্ণাঢ্য ক্যারিয়ারের উপযুক্ত মর্যাদা ও সম্মান জানাতে আমরা খুব শীঘ্রই একটি বিশেষ বিদায়ী ম্যাচের আয়োজন করতে চাই।’
বিদায়ী ম্যাচের ধরণ নিয়ে বিবৃতিতে বলা হয়েছে, ‘আমরা এমন একটি জমকালো আয়োজনের পরিকল্পনা করছি, যেখানে দেশের লাখো সমর্থক ও পুরো পর্তুগালবাসী মিলে তাকে মাঠে দাঁড়িয়ে সশরীরে শেষবারের মতো অভিবাদন জানাতে পারবে এবং তার অবিস্মরণীয় ফুটবল ক্যারিয়ারকে একসঙ্গে উদ্যাপন করতে পারবে।’
পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে তাদের চিরচেনা অধিনায়কের উদ্দেশে বলা হয়, ‘সবকিছুর জন্য তোমাকে অনেক ধন্যবাদ, আমাদের প্রিয় অধিনায়ক! পর্তুগাল দল ও এই ফেডারেশনের দরজা তোমার জন্য সবসময় খোলা থাকবে, এই ঘর সবসময় তোমারই। আর হ্যাঁ, তোমার ক্যারিয়ারের ১০০০তম গোলের জাদুকরী মাইলফলকের দিকে আমাদের এই পথচলা একইভাবে এগিয়ে যাক!’

স্পোর্টস ডেস্ক