জানা গেল ভারতের বাংলাদেশ সফরের সম্ভাব্য সময়সূচি
খেলার মাঠ রাজনীতির মাঠ থেকে আলাদা থাকা উচিত। রাজনীতিবিদ থেকে শুরু করে খেলোয়াড়, সবাই বিভিন্ন সময় এই কথাই বলে থাকেন। তাহলে প্রশ্ন হচ্ছে, বাস্তবে সেই নীতির প্রতিফলন কোথায়?
নিরাপত্তার অজুহাতে ২০২৫ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে যায়নি বাংলাদেশ। তখন দেশে ছিল অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। দেশে নির্বাচন হয়েছে, দায়িত্বে এসেছে নির্বাচিত সরকার। তাহলে এখন দুই দেশের মধ্যে পূর্বনির্ধারিত ক্রিকেট সিরিজ আয়োজনের পথে বাধা কোথায়? কী সেই প্রতিবন্ধকতা?
দুই দেশের রাজনৈতিক সম্পর্কের টানাপোড়েনের কারণে ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর নিয়ে দীর্ঘদিন অনিশ্চয়তা ছিল। তবে পরিস্থিতির উন্নতি হলে আগামী ২০২৭ সালের জানুয়ারির প্রথম সপ্তাহেই বাংলাদেশ সফরে আসতে পারে ভারতীয় ক্রিকেট দল। সফরে দুই দলের মধ্যে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) জানুয়ারির প্রথম ভাগে সিরিজ আয়োজনের বিষয়ে নীতিগতভাবে একমত হয়েছে। বিসিবির একাধিক সূত্রের বরাতে জানান হয়েছে, দুই বোর্ডের মধ্যে আলোচনা ইতিবাচকভাবে এগোচ্ছে।
বিসিবি সভাপতি তামিম ইকবাল জানিয়েছেন, সিরিজ আয়োজনের সম্ভাব্য সময় নিয়ে দুই বোর্ডের আলোচনা চলছে। বিসিসিআইয়ের সঙ্গে আলোচনার অগ্রগতি নিয়েও তিনি আশাবাদী। তবে এখনই সিরিজের নির্দিষ্ট তারিখ জানাতে চাই না।
গত ২৮ অক্টোবর বিসিবির ওয়ার্কিং কমিটির সভায় ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে আলোচনার অগ্রগতি তুলে ধরেন তামিম ইকবাল। সে সময় তিনি জানান, জানুয়ারির প্রথম সপ্তাহে সিরিজ শুরু হয়ে দ্বিতীয় সপ্তাহের মধ্যে শেষ হতে পারে।
সিরিজ আয়োজন নিয়ে দুই বোর্ডের মধ্যে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে। আইসিসি ও এসিসির সভায় অংশ নিতে গিয়ে বিসিসিআই কর্মকর্তাদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনাও করেছেন বিসিবি সভাপতি। সর্বশেষ অনলাইন বৈঠকে জানুয়ারির শুরুতে সিরিজ আয়োজনের বিষয়ে নীতিগত ঐকমত্যে পৌঁছান দুই বোর্ডের কর্মকর্তারা।
তবে সব আলোচনা ও সমঝোতার পরও সিরিজ আয়োজনের ক্ষেত্রে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হয়ে রয়েছে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক। ক্রিকেট বোর্ড দুটি সম্মত হলেও ভারতীয় দলের বাংলাদেশ সফরের ক্ষেত্রে দুই দেশের সরকারের ইতিবাচক অবস্থান গুরুত্বপূর্ণ।
এদিকে ভারতীয় দলের সফর নিয়ে নিয়মিত যোগাযোগ রাখছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। সম্প্রতি মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের সংস্কারকাজ পরিদর্শনে গিয়েও তাঁদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে।
ভারতীয় দলের বাংলাদেশ সফর প্রসঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, “আমরা খেলাধুলাকে সব সময় রাজনীতির বাইরে রাখতে চাই। আমরা চাই প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠুক এবং এই সম্পর্ক যেন জোরদার থাকে। ভারতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরের বিষয়টি আমরা আন্তরিকভাবে দেখছি। আমরা চাই তারা এসে আমাদের দেশে খেলুক এবং আমরাও তাদের দেশে গিয়ে খেলতে চাই।”

স্পোর্টস ডেস্ক