গাজায় মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি হামলা, নিহত ৯
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে দক্ষিণ গাজার খান ইউনিসে নাসের মেডিকেল কমপ্লেক্সে বিমান হামলায় প্রাণ হারিয়েছেন চারজন। এদিকে ভারি বৃষ্টিতে গাজার হাজার হাজার বাস্তুচ্যুত মানুষের আশ্রয়স্থল পানিতে তলিয়ে গেছে। পরিস্থিতি মোকাবিলায় জরুরি ভিত্তিতে জলরোধী তাঁবু পাঠানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। খবর আল জাজিরার।
গাজার বেসামরিক প্রতিরক্ষা বিভাগের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন, আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভোরে খান ইউনিসের পশ্চিমাঞ্চলে অবস্থিত নাসের মেডিকেল কমপ্লেক্সে ইসরায়েলি বিমান হামলায় অন্তত চার ফিলিস্তিনি নিহত হন।
এর আগে বুধবার গাজা সিটির দক্ষিণাঞ্চলের আল-সাবরা এলাকায় ইসরায়েলি হামলায় ৩৮ বছর বয়সী মোহাম্মদ সালেম আল-দাশ নিহত হন। মধ্য গাজার আল-বুরেইজ শরণার্থীশিবিরের পূর্বদিকে ইসরায়েলি বাহিনীর গুলিতে আরও একজন নিহত হন। গাজা সিটির উত্তর-পশ্চিমাঞ্চলের আল-নাসর এলাকায় ড্রোন হামলায় প্রাণ হারান আরেক ফিলিস্তিনি।
এছাড়া গাজা সিটির উত্তরে শেখ রাদওয়ান এলাকায় বাস্তুচ্যুত মানুষের একটি তাঁবু লক্ষ্য করে চালানো হামলায় অন্তত দুজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
গাজা থেকে আল জাজিরার সংবাদদাতা হিন্দ খুদারি জানিয়েছেন, ইসরায়েলি হামলায় সাধারণ মানুষ প্রাণ হারাচ্ছেন। বেঁচে থাকার জন্য দৈনন্দিন প্রয়োজনীয় কাজ করতে গিয়েও হামলার শিকার হচ্ছেন অনেকে। পানির ট্যাংক ভরার সময় ড্রোন হামলায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে জানান তিনি।
খুদারি আরও বলেন, আল-জালা সড়কে একটি তাঁবুর ভেতরে আশ্রয় নেওয়া অবস্থায় আল-আবসি পরিবারের দুই ভাই নিহত হয়েছেন। তার মতে, গাজার কোথাও এখন নিরাপদ নয়।
ইসরায়েলি হামলার পাশাপাশি ভারি বৃষ্টিতে গাজার মানবিক পরিস্থিতি আরও সংকটাপন্ন হয়ে উঠেছে। গাজার সরকারি গণমাধ্যম কার্যালয়ের তথ্য অনুযায়ী, সপ্তাহান্তে ভারি বৃষ্টির কারণে অন্তত ৭০ হাজার তাঁবু পানিতে ডুবে গেছে। এসব তাঁবুতে আশ্রয় নেওয়া বাস্তুচ্যুত মানুষেরা চরম দুর্ভোগে পড়েছেন।
জাতিসংঘের শিশু তহবিল ইউনিসেফ জানিয়েছে, সাম্প্রতিক বৃষ্টিতে গাজার অন্তত এক লাখ ৬ হাজার মানুষ সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছেন। হাজার হাজার তাঁবু পানিতে তলিয়ে যাওয়ার পাশাপাশি আশ্রয়শিবিরগুলোর শৌচাগার উপচে পড়েছে। এতে বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যসম্মত পরিবেশের সংকট আরও বেড়েছে।
স্থানীয় ও আন্তর্জাতিক বেসরকারি সংস্থাগুলো জানিয়েছে, পরিস্থিতি মোকাবিলার মতো পর্যাপ্ত অর্থ ও সরঞ্জাম তাদের নেই। এর মধ্যে গাজায় জরুরি ত্রাণ প্রবেশে ইসরায়েলের বিধিনিষেধ সহায়তা কার্যক্রমকে বাধাগ্রস্ত করছে।
জাতিসংঘের উপমুখপাত্র ফারহান হক বলেছেন, গাজায় জরুরি তাঁবু পৌঁছাতে ইসরায়েলি কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। অর্থায়নের পাশাপাশি প্রয়োজনীয় অনুমতি না পেলে এসব সরঞ্জাম সেখানে পাঠানো সম্ভব হবে না।
এদিকে জাতিসংঘের মানবিকবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল টম ফ্লেচার জানিয়েছেন, গাজায় শীতকালীন সহায়তা পাঠানোর বিষয়ে কয়েকটি দেশ ইসরায়েলে নতুন সরকার গঠন পর্যন্ত অপেক্ষা করার কথা বলেছে।
এক বিবৃতিতে ফ্লেচার বলেন, বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীরা সহায়তার আশ্বাস দিলেও ইসরায়েলের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত অগ্রগতি কঠিন হবে বলে জানিয়েছেন। এখন আবার নতুন সরকার গঠনের অপেক্ষা করতে বলা হচ্ছে। এ ধরনের বিলম্বকে ‘অগ্রহণযোগ্য অজুহাত’ বলে মন্তব্য করেন তিনি।
এর মধ্যে গাজার বন্যাকবলিত মানুষের জন্য জরুরি সহায়তা ঘোষণা করেছে ইতালি। বুধবার দেশটির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তায়ানি জানান, গাজায় তাৎক্ষণিক সহায়তা দিতে ৫০ লাখ ইউরোর নতুন কর্মসূচি শুরু করেছে রোম। মার্কিন ডলারে এর পরিমাণ প্রায় ৫৫ লাখ।
অন্যদিকে ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফাকে চিকিৎসা সূত্র জানিয়েছে, ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি সামরিক অভিযানে নিহতের সংখ্যা বেড়ে ৭৪ হাজার ৬৫৩ জনে দাঁড়িয়েছে। একই সময়ে আহত হয়েছেন আরও এক লাখ ৭৬ হাজার ৭ জন।
চিকিৎসা সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১১ অক্টোবর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও ইসরায়েলি হামলায় এক হাজার ৬২২ ফিলিস্তিনি নিহত এবং পাঁচ হাজার ৮৭৮ জন আহত হয়েছেন।

এনটিভি অনলাইন ডেস্ক