মিরপুর টেস্ট
বলের আঘাত পেয়েছিলেন লিটন, কিপিং করছেন না
দ্বিতীয় দিনে ব্যাটিংয়ের সময় একপ্রান্ত আগলে রেখে বাংলাদেশের ভরসার প্রতীক হয়েছিলেন লিটন দাস। অপরাজিত থেকেই মাঠ ছেড়েছেন তিনি। তবে শেষ দিকে স্বস্তি নিয়ে খেলতে দেখা যায়নি তাকে। মাঠেই দু’বার ফিজিও ডেকে চিকিৎসা নিতে দেখা যায় লিটনকে।
বাংলাদেশ কিছুক্ষণের মধ্যেই ফিল্ডিংয়ে নামবে। তবে যতদূর জানা গেছে, উইকেটের পেছনে দাঁড়াবেন না লিটন। বদলি ফিল্ডার হিসেবে উইকেটরক্ষকের দায়িত্ব পালন করবেন জাকের আলী অনিক। মাঠে তাকে সেই প্রস্তুতিই নিতে দেখা গেছে।
মূলত দিনের শুরুর দিকেই জেইডন সিলসের একটি বল আঘাত করে লিটনের হাতে। সঙ্গে সঙ্গেই গ্লাভস খুলে বসে পড়েন তিনি। এরপর ফিজিও গিয়ে প্রায় মিনিট দশেক প্রাথমিক চিকিৎসা দেন তাকে। চিকিৎসা আবারও ব্যাটিং শুরু করেন তিনি।
তবে কয়েক ওভার পরে একই হাতে আবারও একটি বল আঘাত করে লিটনের হাতে। আবারও মাঠে প্রবেশ করে ফিজিও। সেই ব্যাথার প্রভাবই সম্ভবত লিটনের কিপিং না করার কারণ।
তবে লিটনের এই চোট ঠিক কতটা গুরুতর, সে বিষয়ে টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে কোনো আপডেট জানানো হয়নি। তবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত সতর্কতা হিসেবেই এই সিদ্ধান্ত ম্যানেজমেন্টের।

ক্রীড়া প্রতিবেদক