ইবাদতের কম বোলিংয়ের কারণ জানালেন তাসকিন
জোহানেসবার্গ টেস্টে তিন পেসার নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। তবে বোলিং আক্রমণে সবচেয়ে বেশি দায়িত্ব পালন করতে দেখা গেছে তাসকিন আহমেদ ও হাসান মাহমুদকে। এমনকি চোটে পড়ার পরও দীর্ঘ সময় বল করেছেন হাসান। বিপরীতে এখন পর্যন্ত মাত্র ৭ ওভার বোলিং করেছেন আরেক পেসার এবাদত হোসেন। কেন এবাদতকে দিয়ে তুলনামূলক কম বোলিং করানো হয়েছে, সেই ব্যাখ্যা দিয়েছেন তাসকিন আহমেদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) তৃতীয় দিনের খেলা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তাসকিন জানান, জোহানেসবার্গের উইকেট ব্যাটারদের জন্য বেশ সহায়ক। এখানে বোলারদের ভুল করার সুযোগ খুবই কম। সামান্য লাইন-লেংথের হেরফের হলেই ব্যাটাররা রান তুলে নিচ্ছেন।
তাসকিনের ভাষায়, ‘বোলিংয়ে সামান্য এদিক-সেদিক হলেই রান হচ্ছে। উইকেটটা ব্যাটিংয়ের জন্য খুব ভালো। গতকাল হয়তো স্পিনাররা ভালো করতে পারেনি। তবে আজ মিরাজ ভালো শুরু করেছে। যার কারণে দ্রুত কয়েকটি উইকেটও এসেছে। এই উইকেটে বোলারদের জন্য মার্জিন অনেক কম। একটু ভুল হলেই রান হচ্ছে। আপনারা দেখেছেন, আমরাও প্রায় এক দিনেই ৪০০ রানের কাছাকাছি করে ফেলেছিলাম।’
ইবাদতের কম বোলিং করার বিষয়ে তাসকিন জানান, দুই প্রান্ত থেকে দুই স্পিনার ভালো করায় অধিনায়ক হয়তো তাদের ওপরই আস্থা রেখেছিলেন। পরিকল্পনা অনুযায়ী লাঞ্চের পর ইবাদতের বোলিংয়ে আসার কথা থাকলেও বৃষ্টির কারণে সেটি আর হয়ে ওঠেনি।
এ প্রসঙ্গে তাসকিন বলেন, ‘মার্জিন যেহেতু ছোট, অধিনায়ক হয়তো ভেবেছে দুই স্পিনার দুই প্রান্ত থেকে ভালো করছে, তাই তাদের দিয়েই চালিয়ে গেছে। হয়তো কিছুক্ষণের মধ্যেই ইবাদতকে আনা হতো। লাঞ্চের পরই ওর বোলিংয়ে আসার কথা ছিল। কিন্তু পরে বৃষ্টি হয়েছে। দিনের শুরুতে এক-দুই ঘণ্টা বাদ দিলে পুরো দিনই ব্যাটিংয়ের জন্য ভালো উইকেট ছিল। আগামীকাল উইকেট কেমন আচরণ করবে, সেটা মাঠে নামলেই বোঝা যাবে।’
ব্যাটিং সহায়ক উইকেটে বোলারদের জন্য চ্যালেঞ্জও বেড়ে যায়। বিশেষ করে ব্যাটাররা বড় জুটি গড়ে তুললে ধৈর্য ধরে বোলিং করা ছাড়া খুব বেশি কিছু করার থাকে না। এমন পরিস্থিতিতে উইকেট পাওয়ার গুরুত্ব তুলে ধরেছেন তাসকিন।
তিনি বলেন, ‘চাপ তো আসলে সারা বিশ্বেই থাকে। এমন ফ্ল্যাট উইকেটে যখন লম্বা জুটি হয়, তখন ধৈর্য ধরে বল করা ছাড়া তেমন কিছু করার থাকে না। এ কারণে উইকেট পাওয়াটা খুব জরুরি ছিল। শুধু উইকেট পাওয়ার ক্ষেত্রেই নয়, সবকিছুর জন্যই আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাই। ওই সময় একটা ব্রেকথ্রু খুব দরকার ছিল, তাই উইকেট পেয়ে আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেছি।’

স্পোর্টস ডেস্ক