মিরপুর টেস্ট
আরও এক উইকেট হারিয়ে বিপদে বাংলাদেশ
দিনের শুরুতেই দুই উইকেট হারানোর পর জুটি বেঁধেছিলেন লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ। এটাই দুজন স্বীকৃত ব্যাটারকে নিয়ে বাংলাদেশের শেষ জুটি। তাদের শুরুটাও ভালোই হয়েছিল। তবে বেশি সময় স্থায়ী হলো না এই জুটির। ফিরলেন মেহেদী হাসান মিরাজ। এতে ৩০০ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় বাংলাদেশ।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টের দ্বিতীয় দিনে এই রিপোর্ট লেখা পর্যন্ত ৯১ ওভার ব্যাট করে ৬ উইকেট হারিয়ে ২৫৫ রান করেছে বাংলাদেশ। ৭১ বলে ২৯ রানে অপরাজিত লিটন দাস। তাকে সঙ্গ দিতে এসেছেন নাঈম হাসান।
দ্বিতীয় দিনের সকালে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেখান থেকে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ছিল লিটন-মিরাজের জুটি। ৭১ বল খেলে বড় জুটির আশাও দেখাচ্ছিল তারা। উইকেটে সেট হয়ে গিয়েছিলেন দুজনই। কিন্তু এরপরই ফিরলেন মিরাজ। জোমেল ওয়ারিকানের বলে বোল্ড হয়ে গেছেন তিনি। এর আগে তার ব্যাট থেকে এসেছের ৩৯ বলে ১৫ রান।
উইকেটে এখন বাংলাদেশের একমাত্র ভরসার নাম লিটন দান। বাকিদের সঙ্গ নিয়ে কতটা দলকে এগিয়ে নিতে পারেন সেটিই দেখার অপেক্ষা।
সেঞ্চুরি করেই ফিরলেন সাদমান, বিদায় হৃদয়েরও
আগের দিনই সেঞ্চুরির অপেক্ষা জাগিয়ে শেষ করেছিলেন ওপেনার সাদমান ইসলাম। আজ অপেক্ষা ছিল মাত্র একটি রানের। স্ট্রাইকেও ছিলেন তিনি। বিশপের করা প্রথম বলটা থেকে কোনো রান এলো না। তবে অপেক্ষা বাড়ালেন না তিনি। দ্বিতীয় বল থেকেই নিলেন দুটি রান। পূর্ণ করলেন তিন অঙ্কের ম্যাজিক ফিগার।
দিনের প্রথম ওভারেই সেঞ্চুরি করার পর আর বেশি সময় উইকেটে টিকতে পারেননি সাদমান। দ্বিতীয় দিনের তৃতীয় ওভারেই বিশপের বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ফিরেছেন তিনি। ফেরার আগে তার ব্যাট থেকে এসেছে ২৩৪ বলে ১০৫ রান।
এরপর মাঠে নামেন আগের দিন চোট নিয়ে স্ট্রেচারে চড়ে মাঠ ছাড়া তাওহিদ হৃদয়। তাকে নিয়ে আশা দেখছিল বাংলাদেশ। কিন্তু হৃদয় ফিরলেন হতাশ করে। উইকেটে এসে মোটে এক ওভার ২ বল থেকেছেন তিনি। তিনিও ফিরেছেন সেই বিশপের বলেই বোল্ড হয়ে। ফেরার আগে করেছেন ৮৬ বলে ৪২ রান।
নাটকীয়তায় ভরা প্রথম দিন
মিরপুর টেস্টের প্রথম দিনটা গেছে বেশ নাটকীয়তায় ভরা। প্রথম সেশনটা ভাগাভাগি করে দুই দল, দ্বিতীয় সেশনটা নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। আর তৃতীয় সেশনে হয়েছে আলো-আঁধারীর খেলা। আলোকস্বল্পতার কারণে দীর্ঘক্ষণ বন্ধ থাকার পর খেলা শুরু হলেও তার স্থায়িত্ব হয় মোটে ৪ ওভার। এরপর আবারও আলোকস্বল্পতার কারণে বন্ধ হয় খেলা। তবে আর শুরু হয়নি। প্রায় আধাঘণ্টা অপেক্ষার পর দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।
গতকাল দারুণ খেলে সেঞ্চুরির অপেক্ষা বাড়িয়ে মাঠ ছাড়েন টাইগার ওপেনার সাদমান ইসলাম। ২১৯ বল খেলে ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি।
প্রথম দিনের খেলা শেষে ৭৪ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান তোলে বাংলাদেশ। এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার তানজিদ হাসান তামিমকে (২৩ বলে ৭) হারায় বাংলাদেশ। এরপর উইকেটে থিুত হয়েও ফেরেন অভিজ্ঞ মুমিনুল হক (৫১ বলে ২৮) আর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত (৪২ বলে ১৯)। এছাড়াও পায়ে ক্র্যাম্প নিয়ে মাঠ ছাড়েন তাওহিদ হৃদয় (৮৪ বলে ৪২)*।

ক্রীড়া প্রতিবেদক