অভিষেকেই প্রশ্নবিদ্ধ আলিসের বোলিং অ্যাকশন
আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয়েছে মিস্ট্রি-স্পিনার আলিস আল ইসলামের। অভিষেকটা ভালো হয়নি তার। ৮.৩ ওভার বল করে ৪৭ রান দিয়ে কোনো উইকেট পাননি। এবার ম্যাচের পরের দিন পেল বড় দুঃসংবাদ। আলিসের বোলিং অ্যাকশনকে নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ম্যাচ অফিসিয়াল।
আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলিসের বোলিং অ্যাকশন নিয়ে ম্যাচ অফিসিয়ালের সন্দেহের কথা জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। আইসিসি জানিয়েছে, শারজায় বুধবার অনুষ্ঠিত ওই ম্যাচে দায়িত্বে থাকা ম্যাচ অফিসিয়ালরা তাদের প্রতিবেদনে আলিসের বোলিং অ্যাকশনের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
আইসিসির অবৈধ বোলিং অ্যাকশন সংক্রান্ত নিয়ম অনুযায়ী, অভিযোগ ওঠার পর এখন আইসিসি অনুমোদিত একটি স্বীকৃত টেস্টিং সেন্টারে গিয়ে নিজের বোলিং অ্যাকশনের স্বাধীন পরীক্ষা দিতে হবে আলিসকে। সেই বায়োমেকানিক্যাল পরীক্ষায় নিজের অ্যাকশন বৈধ প্রমাণ করতে পারলেই কেবল আবারও আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অনুমতি পাবেন তিনি।
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) দিয়ে পরিচিতি পাওয়া আলিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছিল। দেশের ঘরোয়া ক্রিকেটে একাধিকবার তার বোলিং অ্যাকশন অবৈধ প্রমাণিত হয়েছিল।
পরবর্তীতে নিজের বোলিং অ্যাকশন শুধরে ও পুনর্বাসন প্রক্রিয়া শেষ করে আবার মাঠে ফেরেন তিনি। ঘরোয়া লিগে ধারাবাহিক পারফর্ম করেই জাতীয় দলের দরজা খুলেছিলেন এই স্পিনার।

স্পোর্টস ডেস্ক