এশিয়ান গেমস
শেষ ম্যাচেও ব্যর্থ বাংলাদেশ, ফিরছে খালি হাতেই
বাংলাদেশের ব্যাটিং যেন সেই পুরোনো বৃত্তেই ঘুরপাক খাচ্ছে। কোনোমতে ১১৫-২০ রানই বাংলাদেশের ব্যাটিংয়ের নিয়মিত চিত্র। পাকিস্তানের বিপক্ষেও ব্যতিক্রম কিছু হলো না। এশিয়ান গেমসের ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং ব্যর্থতার ষোলকলা পূর্ণ করে হেরেছে বাংলাদেশ। ফলে এশিয়ান গেমস থেকে খালি হাতেই ফিরতে হচ্ছে নিগার সুলতানা জ্যোতিদের।
আজ মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের কারোগি স্পোর্টস পার্কে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান করেছিল পাকিস্তান নারী ক্রিকেট দল। জবাব দিতে নেমে ২০ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১১৪ রান করতে পারে বাংলাদেশ নারী ক্রিকেট দল। হেরেছে ৩১ রানের ব্যবধানে।
রান তাড়ায় নেমে ব্যাটিং ব্যর্থতার পুরোনো চিত্রই নতুন করে ফুটিয়ে তুলেছে বাংলাদেশ। পুরো ইনিংসে মাত্র ৪ জন ব্যাটার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছে। টপ অর্ডারের তিন ব্যাটারই ফিরেছেন পাওয়ার-প্লের মধ্যেই। এই তিন ব্যাটারের মধ্যে শুধু দিলারা আক্তার দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পেরেছেন (৪ বলে ১২)।
মিডল অর্ডারে দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি আর শারমিন আক্তার। তাদের সেই চেষ্টা কেবল হারের ব্যবধানই কমিয়েছে। ধীরগতির ব্যাটিংয়ে জ্যোতি ফিরেছেন ৩০ বলে ২৫ রান করে। আর শারমিন ৪৫ বলে ৪৬ রান। এরপর আর কেউ দায়িত্ব নিতে পারেননি। বাংলাদেশ থেমেছে ১১৭ রান করেই।
এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুটা দারুণ করেছিল পাকিস্তান। পাওয়ার-প্লেতেই কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান তুলে ফেলে পাকিস্তান নারী দল। এরপর দ্রুতই ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। পরের ২৩ রানেই পাঁচ উইকেট তুলে নেয়। এতে ১০০ রানের আগেই পাকিস্তানের গুটিয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু নাটকের তখনো অনেক বাকি ছিল।
৬ আর ৭ নম্বরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশি বোলারদের আবারও শাসন করেন আলিয়া রিয়াজ আর অধিনায়ক ফাতিমা সানা। ২২ বলে ২৫ রান করেন আলিয়া রিয়াজ আর ৩০ বৱে ৪৫ রান করেন ফাতিমা সানা। এতে দেড়শ ছুঁইছুঁই পুঁজি দাঁড় করে পাকিস্তান।

স্পোর্টস ডেস্ক