নতুন অধিনায়কের নেতৃত্বে নতুন টুর্নামেন্টের দল ঘোষণা বাংলাদেশের
প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিসি উইমেন্স ইমাজিং নেশনস ট্রফি। সংযুক্ত আরব আমিরাতে বসবে টুর্নামেন্টের এবারের আসর। টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশও। নতুন অধিনায়কের নেতৃত্বে দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আজ মঙ্গলবার (৩ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাহিদা আক্তারকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি।
সর্বশেষ এশিয়া কাপ শেষেই টি-টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দেন নিগার সুলতানা জ্যোতি। তার পরিবর্তে অধিনায়ক করা হয় নাহিদা আক্তারকে। তিনিই এখন থেকে টি-টোয়েন্টি দলের দায়িত্ব সামলাবেন। তার সহকারী হিসেবে আছেন সোবহানা মোস্তারি।
অন্যদিকে, অধিনায়ক না থাকলেও স্কোয়াডে আছেন নিগার সুলতানা জ্যোতি।
বাংলাদেশের স্কোয়াডে আছে চমকও। বাংলাদেশের বোলিং ইউনিটের সবচেয়ে ভরসার নাম মারুফা আক্তা নেই স্কোয়াডে। চোটের কারণে দলে নেই তিনি। এছাড়াও বাংলাদেশের সর্বশেষ খেলা এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল থেকে বাদ পড়েছেন শারমিন সুলতানা।
মারুফা ও শারমিনের পরিবর্তে দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক জান্নাতুল ফেরদৌস সুমনা ও সাথী রানী।
আগামী ১২ নভেম্বর পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। আজমানের কারওয়ান স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল।
পরের দিন ১৩ নভেম্বর দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। প্রতিপক্ষ জিম্বাবুয়ে। এরপর ১৬ নভেম্বর নেদারল্যান্ডস এবং ১৮ নভেম্বর থাইল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। গ্রুপ পর্বে বাংলাদেশের সব ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৩টা ১৫ মিনিটে।
বাংলাদেশ স্কোয়াড
নাহিদা আক্তার (অধিনায়ক), সোবহানা মোস্তারী, (সহ-অধিনায়ক), নিগার সুলতানা জ্যোতি, শারমিন আক্তার সুপ্তা, স্বর্ণা আক্তার, রিতু মনি, দিলারা আক্তার, রাবেয়া খান, দিশা বিশ্বাস, ফারিহা ইসলাম তৃষ্ণা, ফাহিমা খাতুন, জুয়াইরিয়া ফেরদৌস, জান্নাতুল ফেরদৌস সুমনা, সানজিদা আক্তার মেঘলা, সাথী রানী।

স্পোর্টস ডেস্ক