পাকিস্তানের ঝড় থামিয়ে ২২ বছর আগের প্রতিশোধ নিল ভারত
বাংলাদেশে বসেছে সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসর। উদ্বোধনী ম্যাচেই মাঠে নেমেছিল দুই চিরপ্রতিদ্বন্দ্বি ভারত আর পাকিস্তান। ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখিয়েছে ভারত। প্রথমার্ধেই তিন গোলের লিড নিয়ে নেয় তারা। শেষ মুহূর্তে পাকিস্তান ভিন্ন কিছুর আভাস দিলেও তিন গোলের হিসাব মেলাতে পারেনি। ফলে জয় দিয়েই আরেকটি আসর শুরু করল টুর্নামেন্টের সবোর্চ্চ ৯ বারের চ্যাম্পিয়ন ভারত।
আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) ঢাকা জাতীয় স্টেডিয়ামে সাফ চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপের ম্যাচে পাকিস্তানকে ৩-২ গোলে হারিয়েছে ভারত।
এই জয়ের মধ্য দিয়ে ২২ বছর আগের হারের প্রতিশোধ নিলো ভারত। এই মাঠেই এর আগে ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়শিপের উদ্বোধনী ম্যাচেও মুখোমুখি হয়েছিল ভারত আর পাকিস্তান। সে ম্যাচে ভারতকে ১-০ গোলে হারিয়েছিল পাকিস্তান। ২২ বছর এবার সেই প্রতিশোধ নিলো ভারত।
শুরুতেই গোছানো ফুটবল খেলা ভারত লিড নেয় ম্যাচের ১৩তম মিনিটেই। ভারতকে এগিয়ে নেন সুহাইল আহমেদ ভাট। প্রথম গোলের ধাক্কা কাটিয়ে ওঠার আগেই দ্বিতীয় গোল হজম করে বসে পাকিস্তান। ম্যাচের ১৯তম মিনিটে নিজের এবং দলের দ্বিতীয় গোলটি করেন ভাট।
এরপর ৩০তম মিনিটে পাকিস্তানকে একপ্রকার ম্যাচ থেকে ছিটকে গিয়ে ৩-০ গোলের লিড নেয় ভারত। এবার ভারতকে এগিয়ে নেন ম্যাংলেংথাম কিপজেন।
প্রথমার্ধেই অবশ্য গোল পরিশোধ করার সুবর্ণ সুযোগ পেয়েছিল পাকিস্তান। ম্যাচের ৩৪তম মিনিটে পেনাল্টি পেয়েছিল পাকিস্তান। কিন্তু সেখান থেকে গোল আদায় করতে পারেননি শায়ক দোস্তর। তার শট ক্রসবারের ওপর দিয়ে যায়।
ম্যাচ শেষে এই পেনাল্টিই হতাশার কারণ হয়ে দাঁড়ায় পাকিস্তানের। পুরোপুরি খুব বেশি সুযোগ আদায় করতে না পারা পাকিস্তান ঘুরে দাঁড়ানোর আভাস দিয়েছিল ম্যাচের যোগ করা সময়ে। নির্ধারিত সময় শেষে যোগ করা সময়ে মাত্র ২ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নেয় পাকিস্তান।
যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে পাকিস্তানকে প্রথম গোলটি এনে দেন নাজিব উল্লাহ। এরপর পরের মিনিটেই দ্বিতীয় গোলও আদায় করে নেয় পাকিস্তান। যোগ করা সময়ের তৃতীয় মিনিটে গোলটি করেন আলমগীর গাজী। দুই গোল করলেও তিন গোলে পিছিয়ে থাকা পাকিস্তান আফসোসে পুড়েছে সেই পেনাল্টি মিসের।

স্পোর্টস ডেস্ক