বাংলাদেশ নাকি ভারত, পরিসংখ্যানে কারা এগিয়ে?
এক সময়ের ভারত-পাকিস্তান দ্বৈরথ এখন অনেকটাই মলিন। সেই জায়গাটা দখল করেছে বাংলাদেশ। ফুটবল কিংবা ক্রিকেট–দুই দেশের দ্বৈরথ এখন আলাদা নজর কাড়ে সমর্থকদের মাঝে। নারী এশিয়া কাপে আরেকবার দেখা যাবে বাংলাদেশ-ভারতের সেই দ্বৈরথ। সেমিফাইনালে মুখো হবে দুই দল।
আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি বাংলাদেশে সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস। অনলাইনে দেখা যাবে স্পোর্টসজিফাই অ্যাপে।
নারী এশিয়া কাপের সবচেয়ে বেশি ৭ বারের চ্যাম্পিয়ন ভারত। এবারের আসরেও দারুণ ছন্দে আছে তারা। গ্রুপ পর্বের সবগুলো ম্যাচেই জয় তুলে নিয়েছে ভারত। সেই তাদের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি মোটেও সহজ হওয়ার কথা নয়। তবুও বাংলাদেশি সমর্থকদের মনে প্রশ্ন জাগতেই পারে, পরিসংখ্যান কথা বলছে কাদের পক্ষে?
সেখানে অবশ্য বাংলাদেশি সমর্থকদের কিছুটা হতাশই হতে হচ্ছে। কারণ টি-টোয়েন্টিতে দুই দলের মুখোমুখি লড়াইয়ে একচ্ছত্র আধিপত্য ভারতের। এখন পর্যন্ত টি-টোয়েন্টিতে ২৪ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ আর ভারত। যেখানে ২১টিতেই জিতেছে ভারত। বিপরীতে বাংলাদেশ জিতেছে মোটে ৩টি ম্যাচে।
তবে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা ২০১৮ সালের নারী এশিয়া কাপ ফাইনাল। সেবার ভারতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই ম্যাচ আজও বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অধ্যায়।
এবারের আসরেও ভারত এসেছে দুর্দান্ত ছন্দে। গ্রুপপর্বে দাপুটে পারফরম্যান্স দেখিয়ে গ্রুপের শীর্ষে থেকেই সেমিফাইনাল নিশ্চিত করেছে তারা। স্মৃতি মান্ধানার বিধ্বংসী ব্যাটিং ভারতের আত্মবিশ্বাস আরও বাড়িয়েছে।
অন্যদিকে, বাংলাদেশ গ্রুপপর্বে দ্বিতীয় হয়ে শেষ চার নিশ্চিত করেছে। তাই কাগজে-কলমে ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশের সামনে রয়েছে ইতিহাস পুনর্লিখনের সুযোগ।
তবে ক্রিকেটে পরিসংখ্যানই সবসময়। নির্দিষ্ট দিনে যারা ভালো খেলতে পারবে, তারাই মাঠ ছাড়বে জয়ের হাসি। বাংলাদেশের লক্ষ্যও সেটাই। ভারতকে হারিয়ে ফাইনালের টিকিট কাটতে চায় নিগার সুলতানা জ্যোতিরা।

স্পোর্টস ডেস্ক