ফাইনালে দুই গোলরক্ষকের অন্যরকম লড়াই
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা ও স্পেনের মহারণে আলোচনার কেন্দ্রে থাকবেন লিওনেল মেসি ও লামিনে ইয়ামাল। তবে ম্যাচের ভাগ্য গড়তে সবচেয়ে বড় ভূমিকা রাখতে পারেন দুই দলের দুই গোলরক্ষক, এমিলিয়ানো মার্তিনেজ ও উনাই সিমন। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে ফাইনালের এই লড়াইয়ে গোলপোস্টের নিচে দেখা যাবে সম্পূর্ণ ভিন্ন চরিত্রের দুই তারকার দ্বৈরথ।
আক্রমণভাগে শক্তিশালী আর্জেন্টিনার বিপরীতে এবার টুর্নামেন্টের সবচেয়ে দৃঢ় রক্ষণভাগ নিয়ে মাঠে নামছে স্পেন। ফলে ম্যাচের ফল নির্ধারণে দুই গোলরক্ষকের পারফরম্যান্সই হয়ে উঠতে পারে সবচেয়ে বড় ফ্যাক্টর।
বিশ্বকাপের বড় মঞ্চে নিজেকে ইতোমধ্যেই প্রমাণ করেছেন মার্তিনেজ। কাতার বিশ্বকাপ ফাইনালে ফ্রান্সের বিপক্ষে অতিরিক্ত সময়ে কোলো মুয়ানির নিশ্চিত গোল রুখে দিয়ে আর্জেন্টিনাকে ম্যাচে টিকিয়ে রাখেন তিনি। পরে পেনাল্টি শুটআউটে দারুণ সেভ করে দলকে শিরোপা এনে দেন। সেই পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে জিতেছিলেন গোল্ডেন গ্লাভস।
অন্যদিকে স্পেনের উনাই সিমন যেন সম্পূর্ণ ভিন্ন মেরুর মানুষ। আলোচনার বাইরে থাকতে পছন্দ করেন তিনি, মনোযোগ রাখেন শুধু নিজের খেলায়। শৃঙ্খলাপূর্ণ জীবনযাপন ও আবেগ নিয়ন্ত্রণের জন্য পরিচিত এই গোলরক্ষক সামাজিক মাধ্যম থেকেও নিজেকে দূরে সরিয়ে রেখেছেন, যাতে মনোযোগ থাকে কেবল মাঠের পারফরম্যান্সে।
চলতি বিশ্বকাপে সিমনের পারফরম্যান্স ছিল নজরকাড়া। কোয়ার্টার ফাইনালের আগে পর্যন্ত কোনো গোলই হজম করেননি তিনি। টানা ৫১৯ মিনিট গোল না খেয়ে ৬ ম্যাচে ক্লিনশিট রেখে গড়েছেন নতুন রেকর্ড। পুরো টুর্নামেন্টে এখন পর্যন্ত মাত্র এক গোল হজম করেছেন ২৯ বছর বয়সী এই গোলরক্ষক। অন্যদিকে মার্তিনেজ হজম করেছেন ৬ গোল।

স্পোর্টস ডেস্ক