ফ্রান্সের ডাগআউটে বদলের অপেক্ষা, দেশমের পর জিদানের পালা?
এক যুগের রাজত্বের পর বদলে যাচ্ছে ফ্রান্সের ডাগআউট। দিদিয়ের দেশমের হাত ধরে যে সোনালি অধ্যায় শুরু হয়েছিল, স্পেনের কাছে বিশ্বকাপ সেমিফাইনালে হারের পর সেই পথচলার শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছে লেস ব্লুজ। দেশমের অধীনে টানা তিন বিশ্বকাপ ফাইনালে খেলার স্বপ্ন ভেঙে যাওয়ার পর এখন ফ্রান্সের নতুন ভবিষ্যৎ ঘিরে আলোচনার কেন্দ্রে জিনেদিন জিদান।
বিশ্বকাপের মঞ্চে ফ্রান্সের বিদায়ের সঙ্গে শেষ হতে যাচ্ছে দেশম যুগও। ২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর দীর্ঘ ১৪ বছর ফরাসি দলকে নেতৃত্ব দিয়েছেন এই কিংবদন্তি কোচ। তার অধীনেই ফ্রান্স পেয়েছে ইতিহাসের অন্যতম সফল সময়।
দেশমের কোচিংয়ে ২০১৮ বিশ্বকাপে বিশ্বচ্যাম্পিয়ন হয় ফ্রান্স। এরপর ২০২২ বিশ্বকাপেও দলকে ফাইনালে তুলেছিলেন তিনি। এবারও সেই ধারাবাহিকতা ধরে রেখে টানা তৃতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠার সুযোগ ছিল। কিন্তু শেষ চারে স্পেনের কাছে হেরে থেমে যায় সেই স্বপ্ন।
খেলোয়াড় হিসেবে ১৯৯৮ বিশ্বকাপজয়ী দেশম কোচ হিসেবেও গড়েছেন অনন্য কীর্তি। তার অধীনে ফ্রান্স বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দল হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে।
দেশমের পর ফ্রান্সের নতুন কোচ হিসেবে সবচেয়ে আলোচিত নাম জিনেদিন জিদান। রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ জেতা এই কিংবদন্তি এবার জাতীয় দলের দায়িত্ব নিয়ে নতুন ইতিহাস গড়তে পারেন বলে ধারণা করা হচ্ছে।
১৯৯৮ বিশ্বকাপজয়ী এই তারকা রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে তিনটি টানা চ্যাম্পিয়ন্স লিগ জিতে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন। এখন তার হাত ধরেই নতুন অধ্যায়ের স্বপ্ন দেখছে ফরাসি ফুটবল। তবে জিদানের নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা এখনো আসেনি।

স্পোর্টস ডেস্ক