সেমিফাইনালের পথে আর্জেন্টিনা, এগিয়ে থেকে গেল বিরতিতে
সেমিফাইনালে জায়গা করে নেওয়ার লড়াইয়ে সুইজারল্যান্ডের বিপক্ষে দারুণ সূচনা করেছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ম্যাচের শুরুতেই সুইজারল্যান্ডের রক্ষণ ভাগে আলবিসেলেস্তেরা। ব্যবধান ধরে রেখেই বিরতিতে গেছে তারা।
রোববার (১২ জুলাই) কানসাসে বাংলাদেশ সময় সকাল ৭টায় শুরু হওয়া ২০২৬ বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালের প্রথমার্ধ শেষে ১-০ গোলে এগিয়ে রয়েছে লিওনেল মেসির দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। এরই ফল মেলে দশম মিনিটে। লিওনেল মেসির নেওয়া কর্নার থেকে কাছের পোস্টে দারুণ এক হেডে বল জালে জড়ান অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তার গোলে লিড নেয় আলবিসেলেস্তেরা। আর আনন্দে ফেটে পড়ে গ্যালারিতে থাকা হাজারো আর্জেন্টাইন সমর্থক।
এই গোলটি শুধু আর্জেন্টিনাকে এগিয়েই দেয়নি। মেসির নামের পাশেও যুক্ত করেছে নতুন এক ইতিহাস। ম্যাক অ্যালিস্টারের গোলে অ্যাসিস্ট করে বিশ্বকাপ ইতিহাসে প্রথম ফুটবলার হিসেবে ১০টি অ্যাসিস্টের অনন্য মাইলফলক স্পর্শ করেন আর্জেন্টাইন অধিনায়ক। একই সঙ্গে বিশ্বকাপে তার মোট গোলে সরাসরি অবদান পৌঁছে যায় ২৮টিতে।
গোল হজমের পর সমতায় ফেরার চেষ্টা চালায় সুইজারল্যান্ড। তবে আর্জেন্টিনার সংগঠিত রক্ষণ ও গোলরক্ষকের দৃঢ়তায় প্রথমার্ধে কোনো সুযোগ কাজে লাগাতে পারেনি সুইসরা। ফলে ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায় দুই দল।

স্পোর্টস ডেস্ক