ফিফার কাছে অভিযোগ দিয়ে যেসব দাবি মিসরের
মিসরের বিপক্ষে আর্জেন্টিনার জয় ছাপিয়ে আলোচনায় রেফারিং। রেফারির পক্ষপাতিত্ব নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ। এসবে মিসরের কোনো লাভ নেই। বিশ্বকাপের শেষ ষোলো থেকে নিশ্চিত হয়েছে তাদের বিদায়।
নাটকীয় হারের পর রেফারিং নিয়ে বড় অভিযোগ তুলেছে মিসর। ম্যাচের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলোকে প্রশ্নবিদ্ধ দাবি করে ফিফার কাছে আনুষ্ঠানিক অভিযোগ জমা দিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।
মিসর ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি হানি আবু রিদা সরাসরি ফিফার কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। এতে ফরাসি রেফারি ফ্রাঁসোয়া লেতেক্সিয়ের এবং তার পুরো টিমের বিরুদ্ধে তদন্তের দাবি জানানো হয়েছে।
মিসরের অভিযোগ, ম্যাচের কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সরাসরি তাদের বিপক্ষে গেছে এবং এগুলোই ম্যাচের ফল নির্ধারণে বড় ভূমিকা রেখেছে। বিশেষ করে মোহাম্মদ সালাহকে ডিবক্সের ভেতরে ফেলে দেয়ার পরেও পেনাল্টি না দেওয়া, ভিএআর ব্যবহার না করা এবং একটি গোল বাতিলের মতো সিদ্ধান্তগুলোকে তারা বিতর্কিত হিসেবে উল্লেখ করেছে।
ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, রেফারি ও তার দল ম্যাচে ডিসাইসিভ রোল বা নির্ধারক প্রভাব রেখেছে। এই রেফারিং টিমকে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলো থেকে সরিয়ে দেওয়ার দাবি রাখা হয়েছে।
এই ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হেরে বিদায় নেয় মিসর। আর্জেন্টিনার দারুণ প্রত্যাবর্তনের পাশাপাশি রেফারির একাধিক বিতর্কিত সিদ্ধান্ত আলোচনার কেন্দ্রে চলে আসে।

স্পোর্টস ডেস্ক