বিশ্বকাপে গোল করানোর তালিকায় এগিয়ে আছেন যারা
গোলদাতাদের নিয়েই আলোচনা বেশি হয়। চলমান বিশ্বকাপও এর ব্যতিক্রম নয়। তবে, গোলের নেপথ্যের কারিগরদের অবদানও ততটাই গুরুত্বপূর্ণ। ২০২৬ বিশ্বকাপে সেই ভূমিকায় সবচেয়ে উজ্জ্বল নাম ফ্রান্সের মাইকেল অলিসে। ৫টি অ্যাসিস্ট নিয়ে তিনি এখন পর্যন্ত টুর্নামেন্টের সর্বোচ্চ অ্যাসিস্ট দাতা। একই সঙ্গে বিশ্বকাপের এক আসরে সর্বাধিক অ্যাসিস্ট করা ফুটবলারদের তালিকাতে নিজের নাম লিখিয়েছেন ফরাসি তারকা।
অলিসের এই অর্জন শুধু চলতি আসরেই সীমাবদ্ধ নয়। এক বিশ্বকাপে ৫টি অ্যাসিস্ট করে তিনি স্পর্শ করেছেন আর্জেন্টিনার দিয়েগো ম্যারাডোনা (১৯৮৬), পশ্চিম জার্মানির পিয়েরে লিটবারস্কি (১৯৮২), টমাস হ্যাসলার (১৯৯৪) এবং পোল্যান্ডের রবার্ট গাদোখার (১৯৭৪) কীর্তি। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ ৬ অ্যাসিস্টের রেকর্ড এখনো ব্রাজিল কিংবদন্তি পেলের দখলে। যা তিনি গড়েছিলেন ১৯৭০ বিশ্বকাপে।
২ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ম্যাচের পর ফিফার প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, অলিসের পরেই রয়েছেন ব্রাজিলের ব্রুনো গিমারাইস। তার অ্যাসিস্ট ৪টি। তিনটি করে অ্যাসিস্ট করেছেন মেক্সিকোর রোবের্তো আলভারাদো, সুইডেনের আলেকজান্ডার ইসাক, নরওয়ের মার্টিন ওডেগার্ড এবং জার্মানির ফ্লোরিয়ান ভির্টজ। এছাড়া কিলিয়ান এমবাপ্পে, উসমান দেম্বেলে, মোহাম্মদ সালাহ, বুকায়ো সাকাসহ আরও বেশ কয়েকজন খেলোয়াড় দুটি করে অ্যাসিস্ট করেছেন।
বিশ্বকাপের ইতিহাসে প্রতিটি আসরেই সেরা অ্যাসিস্ট দাতাদের নিয়ে আলাদা আলোচনা হয়েছে। ২০২২ কাতার বিশ্বকাপে সর্বোচ্চ তিনটি করে অ্যাসিস্ট করেছিলেন ব্রুনো ফার্নান্দেস, আঁতোয়ান গ্রিজমান, হ্যারি কেইন, লিওনেল মেসি ও ইভান পেরিসিচ। আর ২০১৮ রাশিয়া বিশ্বকাপে কোনো খেলোয়াড়ই দুটি অ্যাসিস্টের বেশি করতে পারেননি।
নকআউট পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো এখনও বাকি। ফলে অলিসের সামনে রয়েছে নিজের অ্যাসিস্ট সংখ্যা আরও বাড়ানোর সুযোগ। তিনি পেলের ১৯৭০ সালের ৬ অ্যাসিস্টের রেকর্ড স্পর্শ করতে পারবেন কি না, সেটিই এখন বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের অন্যতম আগ্রহের বিষয়।

স্পোর্টস ডেস্ক