নকআউটে নামার আগে ইংল্যান্ড শিবিরে দুঃসংবাদ
এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার ধরা হচ্ছে ইংল্যান্ডকে। ইউরোপের পাওয়ার ফুটবলের পসরা সাজিয়ে প্রতিপক্ষ দলগুলোর জন্য হুমকি হয়ে উঠেছে তারা। গ্রপ পর্ব শেষ করে এখন নকআউটে চোখ থ্রি লায়ন্সদের। তবে, কঙ্গোর বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল ইংলিশরা।
আজ বুধবার (১ জুলাই) বাংলাদেশ সময় রাত ১০টায় কঙ্গোর মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচের আগে দুই ফুটবলারকে পাচ্ছে না দলটি। থমাস টুখেলের দুই শিষ্য রিস জেমস ও জ্যারেল কোয়ানসাহ চোটের কারণে থাকছেন না এই ম্যাচে। বিষয়টি নিশ্চিত করেছেন টুখেল নিজেই।
হ্যামস্ট্রিংয়ের চোটে ভুগছেন জেমস। আর পানামার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে গোড়ালিতে চোট পান কোয়ানসাহ। ম্যাচের আগে কানসাস সিটিতে ইংল্যান্ডের শেষ অনুশীলনেও অংশ নেননি দুজন। তবে টুখেল জানিয়েছেন, দুজনের অবস্থার উন্নতি হচ্ছে। কোয়ানসাহ জেমসের তুলনায় কিছুটা দ্রুত সেরে উঠছেন। সামনে আরও ম্যাচের সম্ভাবনা থাকায় তাদের নিয়ে কোনো ঝুঁকি নিতে চাইছে না দল।
দুই ডিফেন্ডারকে হারালেও চিন্তিত নন টুখেল। তার মতে, ফুটবলে চোট খেলারই অংশ। তাই এটি নিয়ে বেশি ভাবার চেয়ে বিকল্প সমাধান খুঁজে বের করাই গুরুত্বপূর্ণ। ডান প্রান্তের রক্ষণে জেড স্পেন্সকে খেলানো অথবা এজরি কনসাকে সেখানে সরিয়ে সেন্ট্রাল ডিফেন্সে জন স্টোনসকে ফেরানোর কথা ভাবছেন ইংল্যান্ড কোচ। তার বিশ্বাস, সুযোগ পেলে অন্যরাও নিজেদের দায়িত্ব ঠিকভাবে পালন করবে।
ইংল্যান্ডের জন্য অবশ্য স্বস্তির খবরও রয়েছে। হ্যামস্ট্রিংয়ের সমস্যার কারণে পানামার বিপক্ষে বিশ্রামে থাকা ডেকলান রাইসের একাদশে ফেরার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে অ্যাকিলিসে কিছুটা অস্বস্তি থাকলেও বুকায়ো সাকা ম্যাচ খেলার জন্য প্রস্তুত বলে জানিয়েছেন টুখেল।

স্পোর্টস ডেস্ক