হলান্ডের গোলে শেষ ষোলোতে নরওয়ে
আক্রমণ-প্রতিআক্রমণে জমে উঠল ম্যাচ। নরওয়ে এগিয়ে গেলেও সমতায় ফিরিয়ে ম্যাচে নাটকীয় কিছু করার আভাস দিল আইভরি কোস্ট। তবে সব নাটকীয়তার সমাপ্তি ঘটালেন বিগম্যান আর্লিং হলান্ড। শেষ মুহূর্তে গোল করে দলকে নিয়ে গেলেন শেষ ষোলোতে।
আজ মঙ্গলবার (৩০ জুন) বাংলাদেশ সময় রাত ১১টায় শেষ ৩২- এর ম্যাচে মুখোমুখি হয়েছিল নরওয়ে আর আইভরি কোস্ট। জমজমাট লড়াই শেষে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়েছে নরওয়ে।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল আইভরি কোস্ট। মাঝমাঠে ফ্র্যাঙ্ক কেসি ও ইব্রাহিম সাঙ্গারের নিয়ন্ত্রণে বল দখল রেখে দুই উইং দিয়ে আক্রমণ চালায় তারা। নিকোলাস পেপে ডান দিক থেকে এবং দিয়োমান্দে বাম দিক থেকে বারবার নরওয়ের রক্ষণভাগে চাপ সৃষ্টি করেন।
প্রথমার্ধে যদিও গোলের দেখা পায়নি আফ্রিকার দলটি। উল্টো ৩৯তম মিনিটে একক নৈপুণ্যে দুর্দান্ত গোল করে নরওয়েকে এগিয়ে দেন আন্তোনিও নুসা। বক্সের বাইরে থেকে ভেতরে ঢুকে ডান পায়ে বাঁকানো শটে জাল খুঁজে নেন তিনি।
দ্বিতীয়ার্ধে ম্যাচের চিত্র পাল্টে যায়। পিছিয়ে পড়ার পর আক্রমণের গতি আরও বাড়ায় আইভরি কোস্ট। একের পর এক আক্রমণে নরওয়ের রক্ষণভাগকে চাপে রাখে তারা।
এর ফল আসে ৭৪তম মিনিটে। বদলি হিসেবে নামা আমাদ দিয়ালো ডান দিক দিয়ে গতির ঝলকে ডিফেন্ডারদের কাটিয়ে জোরালো শটে সমতা ফেরান। দ্রুত আক্রমণ ও ছোট পাসে গড়া এই গোল নরওয়ের ডিফেন্সকে ভেঙে দেয়।
গোলের পর ম্যাচ হয়ে ওঠে আরও খোলা। দুই দলই জয়সূচক গোলের খোঁজে আক্রমণ বাড়ায়। তবে কার্যকর আক্রমণে এগিয়ে ছিল নরওয়ে।
৮৫তম মিনিটে ম্যাচের ভাগ্য নির্ধারণ হয়। ডান দিক থেকে তৈরি হওয়া আক্রমণে ক্রস থেকে সহজ টোকায় গোল করেন আর্লিং হলান্ড। সুযোগ কম পেলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে ঠিকই দলের জন্য গোল এনে দেন তিনি।
শেষ মুহূর্তে আইভরি কোস্ট মরিয়া হয়ে ওঠে গোলের জন্য। অতিরিক্ত সময়ে আমাদ দিয়ালোর দূরপাল্লার শট দারুণভাবে ঠেকিয়ে দেন গোলরক্ষক ওরিয়ান নিয়লান্ড। কর্নার পেলেও সমতা ফেরাতে পারেনি তারা।
পুরো ম্যাচে বল দখল ও আক্রমণে এগিয়ে থাকলেও গোলের সামনে ব্যর্থতা ভুগিয়েছে আইভরি কোস্টকে। অন্যদিকে, কম সুযোগ পেয়েও তা কাজে লাগিয়ে জয় তুলে নেয় নরওয়ে।

স্পোর্টস ডেস্ক