জোড়া গোলে আরেকটি বিশ্বরেকর্ড এমবাপ্পের
কয়েক দফা কপাল পুড়ল গোলবারের বাধা আর অফসাইডের জালে। সুইডেনর বিপক্ষে কিলিয়ান এমবাপ্পের গোল যেন অধরাই থেকে যাচ্ছিল। বেশ হতাশই হতে হচ্ছিল ফরাসি তারকাকে। তবে সেই হতাশায় ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ালেন এমবাপ্পে। প্রথমার্ধেই সুইসদের জালে বল জড়িয়ে উল্লাস করেন তিনি। সেই সঙ্গে নাম লেখান নতুন এক বিশ্বরেকর্ডে।
এ ম্যাচে জোড়া গোল করেছেন এমবাপ্পে। পরিসংখ্যান বলছে, নকআউট পর্বে এ নিয়ে তার গোলের সংখ্যা দাঁড়াল দশ -এ। দশটি গোল নিয়ে নকআউট পর্বে সর্বোচ্চ গোলের মালিক এখন এমবাপ্পে। ৮টি করে গোল নিয়ে এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন ব্রাজিলের দুই কিংবদন্তি রোনালদো নাজারিও এবং লিওনিদাস।
সুইডেনের বিপক্ষে প্রথমার্ধের ৪৫তম মিনিটে করা গোলটি চলতি বিশ্বকাপে এমবাপ্পের পঞ্চম গোল। আর সব মিলিয়ে বিশ্বকাপে তার মোট গোল এখন ১৮টি। এই গোলটির মাধ্যমেই তিনি ছাড়িয়ে গেছেন জার্মানির কিংবদন্তি মিরোস্লাভ ক্লোসাকে (১৬)।
বিশ্বকাপে এখন এমবাপ্পের সামনে কেবল লিওনেল মেসি। আর্জেন্টাইন মহাতারকা ২৯ ম্যাচে ১৯ গোল করে তালিকার শীর্ষে রয়েছেন। মেসির চেয়ে এক গোলে পিছিয়ে থাকা এমবাপ্পে অবশ্য এখন পর্যন্ত বিশ্বকাপে খেলেছেন ১৮টি ম্যাচ। এতেই ১৮ গোল করে তিনি মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন।
এমবাপ্পের এই ১৮ গোলের মধ্যে ১০টিই এসেছে নকআউট পর্ব থেকে। ২০১৮ বিশ্বকাপে নকআউটে ৩টি, ২০২২ বিশ্বকাপে ফাইনালে হ্যাটট্রিকসহ ৫টি এবং ২০২৬ বিশ্বকাপের নকআউটের প্রথম ম্যাচেই আরও ২টি গোল করলেন এই গতিদানব।

স্পোর্টস ডেস্ক