ইরাকের জালে গোল উৎসব করেও অপেক্ষায় সেনেগাল
ফিফা ২০২৬ বিশ্বকাপে শেষ ৩২-এ ওঠার আশা বাঁচিয়ে রাখতে বড় জয়ের বিকল্প ছিল না সেনেগালের। সেই লক্ষ্য পূরণ করেছে আফ্রিকার দলটি। টরন্টোর বিএমও ফিল্ডে ইরাককে ৫-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে সাদিও মানের দল।
ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে সেনেগাল। চতুর্থ মিনিটেই এগিয়ে যায় তারা। কর্নার থেকে আব্দুলায়ে সেকের হেডে তৈরি হওয়া সুযোগে কাছ থেকে বল জালে পাঠান হাবিব দিয়ারা। সেকের অ্যাসিস্টে ১-০ ব্যবধানে এগিয়ে যায় আফ্রিকার প্রতিনিধিরা।
গোল হজমের ধাক্কা সামলানোর আগেই বড় বিপদে পড়ে ইরাক। ম্যাচের ১৩তম মিনিটে গোলের পরিষ্কার সুযোগে থাকা সাদিও মানেকে ফাউল করেন ডিফেন্ডার রেবিন সুলাকা। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সহায়তায় ঘটনাটি দেখে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। ফলে ম্যাচের বাকি প্রায় পুরো সময় ১০ জন নিয়েই খেলতে হয় ইরাককে।
প্রথমার্ধে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলেও বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে সেনেগাল। ৫৭তম মিনিটে ইসমাইলা সার ব্যবধান দ্বিগুণ করেন। এরপর ৭০ ও ৭৯তম মিনিটে জোড়া গোল করে ব্যবধান ৪-০ করেন বদলি হিসেবে নামা পাপে গেই। নির্ধারিত সময়ের শেষ দিকে ইলিমান এনদিয়ায়ে গোল করে ৫-০ ব্যবধানে সেনেগালের বড় জয় নিশ্চিত করেন।
একজন কম নিয়ে খেলেও প্রথমার্ধে কিছুটা প্রতিরোধ গড়েছিল ইরাক। কিন্তু দ্বিতীয়ার্ধে সেনেগালের গতি, আক্রমণের ধার এবং সংখ্যাগত সুবিধার সামনে পুরোপুরি ভেঙে পড়ে তারা। সাদিও মানে গোল না পেলেও পুরো ম্যাচে আক্রমণভাগে দারুণ প্রভাব রাখেন এবং প্রতিপক্ষের রক্ষণকে চাপে রাখেন।
এই জয়ের ফলে তিন ম্যাচে এক জয় ও দুই হারে ৩ পয়েন্ট নিয়ে 'আই' গ্রুপের তৃতীয় স্থানে থেকে গ্রুপ পর্ব শেষ করল সেনেগাল। একই গ্রুপে তিন ম্যাচের সবকটি জিতে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে নকআউট নিশ্চিত করেছে ফ্রান্স। দুই জয় ও এক হারে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় হয়ে নকআউটে উঠেছে নরওয়ে। অন্যদিকে, টানা তিন ম্যাচ হেরে কোনো পয়েন্ট ছাড়াই তলানিতে থেকে বিশ্বকাপ অভিযান শেষ করেছে ইরাক।
তবে সেনেগালের ভাগ্য এখন আর তাদের হাতে নেই। পাঁচ গোলের বড় জয় তুলে নিয়ে গোল ব্যবধানের উন্নতি করলেও শেষ ৩২-এ জায়গা করে নিতে হলে এখন অপেক্ষা করতে হবে অন্য গ্রুপগুলোর তৃতীয় হওয়া দলগুলোর ফলাফলের দিকে। সেরা আট তৃতীয় স্থানধারী দলের একটি হতে পারলেই কেবল নকআউট পর্বে খেলবে আফ্রিকার প্রতিনিধিরা।

স্পোর্টস ডেস্ক