গ্রুপসেরা হওয়ার মিশনে সেলেসাওরা, ইতিহাস গড়তে চায় স্কটল্যান্ড
বিশ্বকাপের মঞ্চে ব্রাজিলের বিপক্ষে স্কটল্যান্ডের অতীত সুখকর নয়। আটবার মুখোমুখি হয়ে একবারও জিততে পারেনি ইউরোপের দলটি। বিশ্বকাপেও তিনবার দেখা হয়েছে দুই দলের, আর প্রতিবারই জয় নিয়ে মাঠ ছেড়েছে ব্রাজিল। তবে ইতিহাস নয়, বর্তমান নিয়েই ভাবছে স্কটল্যান্ড। ২০২৬ বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবার নকআউট পর্বে জায়গা করে নেওয়ার স্বপ্ন নিয়ে এবার পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সামনে দাঁড়াচ্ছে স্টিভ ক্লার্কের দল। অন্যদিকে, গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে পরের রাউন্ডে যেতে চায় ব্রাজিল।
বৃহস্পতিবার (২৫ জুন) ভোর ৪টায় মায়ামির হার্ড রক স্টেডিয়ামে‘সি’ গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে স্কটল্যান্ড ও ব্রাজিল। দুই দলের জন্যই ম্যাচটি গুরুত্বপূর্ণ। স্কটল্যান্ডের সামনে শেষ ৩২-এ ওঠার সুযোগ। অন্যদিকে, ব্রাজিল চাইছে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে পরের পর্ব নিশ্চিত করতে।
প্রায় ২৮ বছর পর বিশ্বকাপে আবার মুখোমুখি হচ্ছে দুই দল। ১৯৯৮ বিশ্বকাপে সর্বশেষ দেখায় স্কটল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছিল ব্রাজিল। সেই আসরে ফাইনালেও উঠেছিল দক্ষিণ আমেরিকার দলটি। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু ব্রাজিল এখনও বিশ্বকাপের অন্যতম প্রধান দাবিদার। অন্যদিকে, স্কটল্যান্ড এখনও খুঁজছে বড় মঞ্চে নিজেদের প্রতিষ্ঠার গল্প।
বিশ্বকাপের প্রথম ম্যাচে হাইতির বিপক্ষে ১-০ গোলের জয় দিয়ে অভিযান শুরু করেছিল স্কটল্যান্ড। সেই জয়ে নকআউটের স্বপ্ন জোরালো হয়েছিল। তবে দ্বিতীয় ম্যাচে মরক্কোর কাছে একই ব্যবধানে হেরে পরিস্থিতি কিছুটা জটিল হয়ে যায়।
ম্যাচের মাত্র ৭০ সেকেন্ডে ইসমাইল সাইবারির গোলে পিছিয়ে পড়ে স্কটল্যান্ড। এরপর লড়াই করেও সমতা ফেরাতে পারেনি তারা। দ্বিতীয়ার্ধে কয়েকটি সিদ্ধান্ত নিয়ে আপত্তি ছিল স্কটিশদের। কোচ স্টিভ ক্লার্কের মতে, অন্তত একটি পেনাল্টি পাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল।
হারের পরও নিজের দলের মানসিকতায় সন্তুষ্ট ক্লার্ক। ম্যাচ শেষে তিনি বলেন, ‘আমরা দেখিয়েছি যে বিশ্বের সেরা দলগুলোর বিপক্ষেও প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’
তবে একটি বিষয় চিন্তার কারণ। মরক্কোর বিপক্ষে পুরো ম্যাচে গোলমুখে একটি শটও রাখতে পারেনি স্কটল্যান্ড। ব্রাজিলের মতো দলের বিপক্ষে সেটি পরিবর্তন করতে না পারলে বড় সমস্যা হতে পারে।
বিশ্বকাপে এর আগে আটবার অংশ নিয়েও কখনো গ্রুপ পর্ব পার হতে পারেনি স্কটল্যান্ড। ফলে এবার ইতিহাস গড়ার হাতছানি রয়েছে তাদের সামনে। যদিও সমীকরণ খুব কঠিন নয়।
ব্রাজিলকে হারাতে পারলে সরাসরি গ্রুপের শীর্ষ দুইয়ের মধ্যে থেকে নকআউট নিশ্চিত হবে। ড্র করলেও শেষ ৩২-এ ওঠার সম্ভাবনা প্রবল থাকবে। এমনকি হেরেও সুযোগ থাকতে পারে, যদিও সে ক্ষেত্রে অন্য ম্যাচের ফল ও গোল ব্যবধান গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।
ব্রাজিলের বিপক্ষে স্কটল্যান্ডের রেকর্ড হতাশাজনক। দুই দলের আগের আট সাক্ষাতে ছয়বার জিতেছে ব্রাজিল। বাকি দুটি ম্যাচ ড্র হয়েছে। বিশ্বকাপের গ্রুপ পর্বে ১৯৮২, ১৯৯০ ও ১৯৯৮ সালে মুখোমুখি হয়ে তিনবারই পরাজিত হয়েছে স্কটল্যান্ড।
ইতিহাসের এই পরিসংখ্যান ব্রাজিলকে বাড়তি আত্মবিশ্বাস দিলেও বর্তমান স্কটিশ দলটি যে সহজ প্রতিপক্ষ নয়, সেটি মরক্কোর বিপক্ষে তাদের পারফরম্যান্সেই স্পষ্ট হয়েছে।
ব্রাজিল বিশ্বকাপ অভিযান শুরু করেছিল কিছুটা হতাশা দিয়ে। প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করে কার্লো আনচেলত্তির দল। তবে দ্বিতীয় ম্যাচে নিজেদের শক্তির প্রমাণ দিয়েছে সেলেসাওরা। হাইতির বিপক্ষে ৩-০ গোলের জয়ে মাঠ দাপিয়ে খেলেছে ব্রাজিল। জোড়া গোল করেন ম্যাথিউস কুনিয়া। অন্য গোলটি আসে ভিনিসিয়াস জুনিয়রের পা থেকে।
এই জয়ের মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে ৪১তমবারের মতো কোনো ম্যাচে অন্তত তিন গোল করল ব্রাজিল। তালিকার দ্বিতীয় স্থানে থাকা জার্মানির চেয়ে পাঁচবার বেশি এমন কীর্তি গড়েছে তারা।
হাইতির বিপক্ষে ম্যাচ শেষে নিজের দলকে প্রশংসায় ভাসিয়েছেন আনচেলত্তি। ইতালিয়ান এই কোচ বলেন, ‘এটি ছিল আমাদের পূর্ণাঙ্গ পারফরম্যান্স। রক্ষণ, মাঝমাঠ ও আক্রমণ, সব বিভাগেই আমরা ভালো খেলেছি।’
গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার পথও এখন অনেকটাই পরিষ্কার ব্রাজিলের সামনে। মরক্কো হাইতির বিপক্ষে যে ফল করবে, স্কটল্যান্ডের বিপক্ষে সেই ফলের সমান বা ভালো ফল করলেই গ্রুপসেরা হয়ে নকআউটে উঠবে সেলেসাওরা।
ফিফা র্যাঙ্কিংয়ে বিশ্বের পঞ্চম স্থানে রয়েছে ব্রাজিল। অনেক বিশ্লেষকের মতে, এবারের বিশ্বকাপ জয়ের অন্যতম দাবিদারও তারা। তবে অতীতের কিছু অভিজ্ঞতা ব্রাজিলকে সতর্ক থাকতে বাধ্য করছে।
বিশ্বকাপের গ্রুপ পর্বে ব্রাজিলের সর্বশেষ তিনটি হারই এসেছে তৃতীয় ম্যাচে। এর মধ্যে সবচেয়ে আলোচিত ছিল কাতার বিশ্বকাপে ক্যামেরুনের বিপক্ষে ১-০ গোলের হার।
ব্রাজিল শিবিরে সবচেয়ে বড় দুঃসংবাদ রাফিনিয়ার চোট। হাইতির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েন বার্সেলোনা উইঙ্গার। ফলে স্কটল্যান্ডের বিপক্ষে খেলতে পারবেন না তিনি। তার পরিবর্তে ডান প্রান্তে সুযোগ পেতে পারেন বোর্নমাউথের ১৯ বছর বয়সী প্রতিভাবান ফুটবলার রায়ান।
অন্যদিকে, চোট কাটিয়ে দলে ফিরেছেন নেইমার। আনচেলত্তি নিশ্চিত করেছেন, ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এই ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত আছেন। তবে শুরুর একাদশে নামার সম্ভাবনা কম। ফলে আক্রমণভাগে ভিনিসিয়াস জুনিয়র ও ম্যাথিউস কুনিয়ার পেছনে প্লেমেকারের দায়িত্ব পালন করবেন লুকাস পাকুয়েতা।
বাকি একাদশে বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। রক্ষণে থাকবেন দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল মাগালহায়েস ও ডগলাস সান্তোস। মাঝমাঠে জুটি বাঁধবেন কাসেমিরো ও ব্রুনো গিমারায়েস।
ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ত্রিভেলা’র সাংবাদিক পেদ্রো রামোস মনে করেন, হাইতির বিপক্ষে বড় জয় পেলেও ব্রাজিল নিয়ে সব প্রশ্নের উত্তর এখনও মেলেনি। তার মতে, দানিলোর পারফরম্যান্স, মাঝমাঠে পাকেতার ভূমিকা এবং ম্যাথিউস কুনিয়ার কার্যকারিতা ইতিবাচক দিক।
রামোস বলেন, ‘ব্রাজিলকে জিততেই হবে। পরের পর্বে যে প্রতিপক্ষই আসুক, বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এমনও হতে পারে, সেখানে ব্রাজিলকে ফেবারিট হিসেবে দেখা হবে না।’
এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ
স্কটল্যান্ড: গান, প্যাটারসন, হেনড্রি, হ্যানলি, রবার্টসন, টিয়ার্নি, ক্রিস্টি, ফার্গুসন, ম্যাকটমিনে, ম্যাকগিন, অ্যাডামস।
ব্রাজিল: অ্যালিসন, দানিলো, মার্কিনিওস, গ্যাব্রিয়েল, ডগলাস সান্তোস, ব্রুনো গিমারায়েস, ক্যাসেমিরো, রায়ান, পাকুয়েতা, ভিনিসিয়াস জুনিয়র, কুনিয়া।

স্পোর্টস ডেস্ক