রেকর্ড গড়ার পরের ম্যাচেই আর্জেন্টিনার একাদশে থাকছেন না মেসি?
টানা দুই জয়ে বিশ্বকাপের নকআউট পর্ব আগেই নিশ্চিত করে ফেলেছিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আলজেরিয়া-জর্ডান ম্যাচের পর গ্রুপ চ্যাম্পিয়ন হওয়াও নিশ্চিত হয়ে গেছে আলবিসেলেস্তেদের। ফলে গ্রুপ পর্বের শেষ ম্যাচটি এখন স্রেফ আনুষ্ঠানিকতা হয়ে দাঁড়িয়েছে আর্জেন্টিনার জন্য।
আগামী রোববার (২৮ জুন) গ্রুপ পর্বের শেষ ম্যাচে জর্ডানের মুখোমুখি হবে লিওনেল স্কালোনির শিষ্যরা। ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৮টায় শুরু হবে সেই ম্যাচ।
ম্যাচটি ঘিরে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে অধিনায়ক লিওনেল মেসির শুরুর একাদশে থাকা। অস্ট্রিয়ার বিপক্ষে জোড়া গোল করে বিশ্বকাপের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে বসার পর মেসি এখন আলোচনার তুঙ্গে।
তবে যুক্তরাষ্ট্রের গরম আবহাওয়ায় টানা দুই ম্যাচ খেলার ধকল এবং নকআউট নিশ্চিত থাকায়, জর্ডানের বিপক্ষে মেসিকে পুরো সময় খেলানোর ঝুঁকি না নেওয়ার ইঙ্গিত দিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘দলের বাকি ফুটবলারদের সুযোগ দেওয়াই এই ম্যাচের মূল পরিকল্পনা। আমরা চাই সবাই খেলার সুযোগ পাক।’
স্কালোনির এই বক্তব্য থেকে স্পষ্ট, নকআউটের গুরুত্বপূর্ণ লড়াইয়ের আগে দলের প্রধান তারকাদের পর্যাপ্ত বিশ্রাম দিতে চান আর্জেন্টাইন কোচ। ফলে জর্ডান ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশে বড় ধরনের রদবদল দেখা যাওয়ার সম্ভাবনা প্রবল।
স্কোয়াডের তরুণ প্রতিভা যেমন নিকো পাজ, হুলিয়ানো সিমিওনে কিংবা ভালেনতিন বার্কোর মতো খেলোয়াড়রা এই ম্যাচে শুরুর একাদশে সুযোগ পেয়ে যেতে পারেন।
অন্যদিকে, প্রথম দুই ম্যাচে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে নবাগত দল জর্ডানের। আলজেরিয়া ও অস্ট্রিয়ার কাছে হারলেও বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে সম্মান বাঁচানোর লড়াইয়ে নামবে জামাল সালামির শিষ্যরা।
সব মিলিয়ে, রেকর্ড গড়ার পরের ম্যাচেই মেসিকে বাইরে রেখে শুরুর একাদশ সাজাতে পারেন স্কালোনি। বাজিয়ে নিতে পারেন বেঞ্চে থাকা দলের বাকি খেলোয়াড়দের।

স্পোর্টস ডেস্ক