কারখানা শ্রমিক থেকে নাটকীয় জয়ের নায়ক উন্দাভ
ঘড়ির কাঁটা তখন ৯৪ মিনিট ছুঁয়েছে। অতিরিক্ত সময়ের শেষ প্রান্তে ম্যাচ প্রায় থেমে যাওয়ার মতো। বাকি আর মাত্র এক মিনিট। ঠিক সেই নিস্তব্ধ উত্তেজনার ভেতরেই ডেনিজ উন্দাভের পা থেকে আসে জয়সূচক গোল। ৯৪তম মিনিটে ডিবক্সে বল পেয়ে জোরালো শট চালান তিনি। বল জালে জড়িয়ে যায়।
মুহূর্তে বদলে যায় পুরো দৃশ্যপট। আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে ৮ বছর পর বিশ্বকাপের নকআউট পর্ব নিশ্চিত করে জার্মানি। যে দলটি একসময় ছন্দ হারিয়ে পথ খুঁজছিল। সেই দলই এখন নতুন করে আলো দেখছে উন্দাভের হাত ধরে।
২০২৬ বিশ্বকাপে বদলি হিসেবে নেমে দুই ম্যাচেই নিজের প্রভাব স্পষ্টভাবে রেখেছেন ২৯ বছর বয়সী এই স্ট্রাইকার। কুরাসাও ও আইভরি কোস্টের বিপক্ষে তিনি করেছেন তিন গোল এবং দুটি অ্যাসিস্ট।
মাত্র দুই ম্যাচেই পাঁচটি গোল অবদানের কীর্তি তাকে তুলেছে বিরল এক উচ্চতায়। ১৯৬৬ সালের পর বিশ্বকাপে বদলি খেলোয়াড় হিসেবে প্রথম দুই ম্যাচে এতটা প্রভাব রাখার নজির ছিল না। শেষ দেখা গিয়েছিল ১৯৯০ বিশ্বকাপে ক্যামেরুনের রজার মিলার মধ্যে।
আজ যাকে বিশ্বমঞ্চে জার্মানির বড় ভরসা বলা হচ্ছে। সেই উনদাভের পথচলা শুরু হয়েছিল অনেক কঠিন বাস্তবতার ভেতর দিয়ে। ১৯৯৬ সালে জার্মানির ভেরডেনে জন্ম নেওয়া এই স্ট্রাইকারকে মাত্র ১৪ বছর বয়সেই ভের্ডার ব্রেমেন জানিয়ে দেয় যে তিনি তাদের পরিকল্পনায় নেই। শারীরিক গঠন নিয়ে সেই প্রত্যাখ্যান অনেকের স্বপ্ন থামিয়ে দিত। কিন্তু উন্দাভ থামেননি।
১৭ বছর বয়সে তিনি যোগ দেন জার্মানির চতুর্থ বিভাগের ক্লাব হাভেলসেতে। সেখানে ফুটবলের পাশাপাশি জীবনের জন্যও লড়াই করতে হয়েছে তাকে। দিনে আট ঘণ্টা কাজ করতেন একটি কারখানায় লেজার মেশিন অপারেটর হিসেবে। ভোর চারটায় ঘুম ভেঙে শুরু হতো দিন। রাতে আটটার পর ফিরতেন ক্লান্ত শরীরে। এরপর আবার অনুশীলন।
এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ফুটবল থেকে পাওয়া অর্থে বেঁচে থাকা সম্ভব ছিল না। তাই কাজ করতেই হতো। এই কঠিন বাস্তবতাই তাকে ধীরে ধীরে গড়ে তুলেছে একজন পরিণত লড়াকু ফুটবলার হিসেবে।
২০২০ সালে বেলজিয়ামের ইউনিয়ন সাঁ জিলোয়াজে যোগ দেওয়ার পর তার ক্যারিয়ারে আসে বড় মোড়। ক্লাবকে শীর্ষ লিগে তোলার পথে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। পরের মৌসুমে ২৫ গোল করে ইউরোপের নজর কাড়েন। এরপর ২০২২ সালে ইংল্যান্ডের ব্রাইটনে যোগ দিলেও নিয়মিত সুযোগ পাননি। পরে ধারে স্টুটগার্টে গিয়ে আবার নিজের ছন্দ খুঁজে পান এবং ২০২৪ সালে ক্লাবটি তাকে স্থায়ীভাবে দলে নেয়। ২০২৫ ২৬ মৌসুমে বুন্দেসলিগায় ১৯ গোল করে তিনি হয়ে ওঠেন হ্যারি কেইনের পর দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা।
জাতীয় দলে উনদাভের পারফরম্যান্স এখন নজর কাড়ছে। তিনি ধীরে ধীরে দলের নির্ভরযোগ্য খেলোয়াড় হিসেবে জায়গা করে নিচ্ছেন। সামনে এই ফর্ম ধরে রাখতে পারলে জার্মানির পরিকল্পনায় তার গুরুত্ব আরও বাড়বে।

স্পোর্টস ডেস্ক