জমকালো আয়োজনে বিশ্বকাপের পর্দা উঠল যুক্তরাষ্ট্রে
বিশ্বকাপের পরিধি বেড়েছে। তাই বেড়েছে আয়োজক দেশও। ইতোমধ্যে দুই সহ-আয়োজক মেক্সিকো ও কানাডায় আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পর্দা উঠেছে বিশ্বকাপের। বাকি ছিল যুক্তরাষ্ট্রের। সেই অপেক্ষাও ফুরোলো। জমকালো আয়োজনে বিশ্বকাপের তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে যুক্তরাষ্ট্রে পর্দা উঠল ২০২৬ ফুটবল বিশ্বকাপের।
আজ শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে জমকালো আয়োজনে দেশটিতে পর্দা ওঠে বিশ্বকাপের।
উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতেই তুলে ধরা হয় দেশটির সংস্কৃতি আর ঐতিহ্য। এরপর পারফরমারদের কোরিওগ্রাফিতে রঙিন হয়ে ওঠে এবারের বিশ্বকাপের সবচেয়ে ব্যয় বহুল এই স্টেডিয়াম। এরপর একে একে সংগীত পরিবেশন করেন শিল্পীরা।
শুরুতেই সংগীত পরিবেশন করেন ফিউচার ও টাইলা। এরপর মঞ্চে আসেন বিখ্যাত কে-পপ তারকা লিসা, রেমা ও অ্যানিত্তা। দারুণ পারফরম্যান্সে পুরো স্টেডিয়ামকে মাতিয়ে তুলেন তারা।
যুক্তরাষ্ট্রের উদ্বোধনী অনুষ্ঠানের সবচেয়ে বড় আকর্ষণ বিশ্বখ্যাত মার্কিন পপ তারকা কেটি পেরি। সবার শেষে মঞ্চে আসেন তিনি। কেটি পেরি মঞ্চে আসতেই উল্লাসে মেতে ওঠে পুরো গ্যালারি। এরপরই যেনো পূর্ণতা পায় বিশ্বকাপের তৃতীয় উদ্বোধনী অনুষ্ঠান।
উদ্বোধনী অনুষ্ঠানের ৯০ মিনিট পর অর্থাৎ বাংলাদেশ সকাল ৭টায় লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে ব্রাজিল-আর্জেন্টিনাকে হারানো প্যারাগুয়ের মুখোমুখি হবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

স্পোর্টস ডেস্ক