২০৩০ বিশ্বকাপ নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মেসি
বয়স কেবলই একটি সংখ্যা মাত্র। আলজেরিয়ার বিপক্ষে এমন পারফরম্যান্সের পর এক কথা বলাই যায়। ৩৮ বছর বয়সে এসেও পায়ের জাদুতে মুগ্ধ করলেন সবাইকে। বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার দেখা পেলেন হ্যাটট্রিকেরও।
আরেকটি ঐতিহাসিক মাইলফলকও স্পর্শ করেছেন আর্জেন্টাইন মহাতারকা- বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় মিরোস্লাভ ক্লোসার পাশে বসেছেন তিনি। একই সঙ্গে প্রথম ফুটবলার হিসেবে খেললেন ষষ্ঠ বিশ্বকাপ।
মাঠের পারফরম্যান্স যতটা আলোচনায়, মেসির ভবিষ্যৎ ঘিরে ভক্তদের কৌতূহলও ঠিক ততটাই। গ্যালারিতে ‘মেসি-মেসি’ ধ্বনির মাঝেই জন্ম নেয় এক অবাস্তব প্রশ্ন- ২০৩০ সালের বিশ্বকাপেও কি দেখা যাবে তাকে?
ম্যাচ শেষে আর্জেন্টাইন সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের এক প্রশ্নে মেসির মুখে উঠে আসে হাসি। সপ্তম বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে হাসিমুখে সেই সম্ভাবনাকে উড়িয়ে দেন তিনি। সোজাসাপ্টা জানিয়ে দেন, ‘না, না, এটা কোনোভাবেই সম্ভব নয়।’
ম্যাচ শেষে সংবাদমাধ্যমে অবশ্য মেসির অবস্থান ছিল বেশ বাস্তববাদী। ২০৩০ সালে তার বয়স হবে ৪২ বছর- এমন বয়সে বিশ্বকাপের মতো বড় মঞ্চে আর্হেন্টিনার মতো দলের হয়ে মাঠে শতভাগ পারফর্ম করা বেশ কঠিনই বটে।
তবে আপাতত ভবিষ্যত নিয়ে নয়, বর্তমান নিয়েই ভাবছেন আর্জেন্টিনার অধিনায়ক। এখন মূল লক্ষ্য চলমান বিশ্বকাপ। এ নিয়ে মেসি বলেন, দল হিসেবে সবাই প্রস্তুত এবং প্রতিটি ম্যাচেই লড়াই আরও কঠিন হচ্ছে। ভালো খেলেই সামনে এগুতে হবে।

স্পোর্টস ডেস্ক