বাংলাদেশে আসছেন না ট্রাভিস হেড
মিরপুরের ইনডোরে যখন অনুশীলন করছিল অস্ট্রেলিয়া দল, ক্যামেরার চোখ খুঁজছিল ট্রাভিস হেড, মিশেল মার্শদের। অস্ট্রেলিয়ার দুই তারকা তখনও আসেননি বাংলাদেশে। এবার জানা গেল, তারা আসবেন না।
ব্যক্তিগত কারণে বাংলাদেশ সফর থেকে সরে দাঁড়ালেন ট্রাভিস হেড। ওয়ানডে সিরিজের পাশাপাশি টি-টোয়েন্টি থেকেও ছুটি নিলেন অসি এই তারকা ব্যাটার। হেড ছাড়াও চোটের কারণে ওয়ানডেতে থাকছেন না নিয়মিত অধিনায়ক মিচেল মার্শ। খবর ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)।
মার্শের অনুপস্থিতিতে ওয়ানডে সিরিজে দলকে নেতৃত্ব দেবেন জশ ইংলিস। টি-টোয়েন্টি সিরিজের আগে বাংলাদেশে আসবেন মার্শ।
হেড ও মার্শ ছিটকে যাওয়ায় পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে থাকা অলিভার পিক ও ম্যাট শর্টকে বাংলাদেশ সফরের দলে রেখেছে অস্ট্রেলিয়া। এছাড়া সাদা বলে অভিষেকের অপেক্ষায় থাকা অফ স্পিনার টড মার্ফিও দলে ডাক পেয়েছেন।
অস্ট্রেলিয়া দলের নির্বাচক টনি ডডমেইড জানিয়েছেন, প্রাথমিকভাবে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে ছিলেন হেড। তবে ব্যক্তিগত কারণ দেখিয়ে দুই সিরিজ থেকেই ছুটি নিয়েছেন তিনি। আর গোড়ালির চোটে ভুগছেন মার্শ।
মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল মঙ্গলবার (৯ জুন) মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। একই মাঠে ১১ ও ১৪ জন হবে বাকি দুই ম্যাচ। চট্টগ্রামে ১৭ জুন থেকে শুরু হবে টি-টোয়েন্টি সিরিজের খেলা।

স্পোর্টস ডেস্ক