বিশ্বকাপে মাঠে নামলেই ইতিহাস গড়বেন মেসি
২০২৬ বিশ্বকাপের জন্য ২৬ সদস্যের দল ঘোষণা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। দলে আছেন দেশটির ফুটবল জাদুকর লিওনেল মেসি। কোচ লিওনেল স্কালোনি নেতৃত্বের ভারও তুলে দিয়েছেন মেসির কাঁধেই।
দল ঘোষণার সঙ্গে সঙ্গে ফুটবলারদের জার্সি নাম্বারও প্রকাশ করেছেন স্কালোনি। এবারও ১০ নম্বর জার্সি পরেই উত্তর আমেরিকায় বিশ্বমঞ্চ মাতাবেন মেসি। আর সেজন্য এই ‘১০ নম্বর জার্সি’ পরে মাঠে নামলেই নতুন এক ইতিহাস গড়বেন মেসি।
আর্জেন্টিনার জার্সিতে মেসির বিশ্বকাপ অভিষেক হয় ২০০৬ সালে। সেই বিশ্বকাপে সার্বিয়া অ্যান্ড মন্টেনেগ্রোর বিপক্ষে গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে নামেন তিনি। তরুণ মেসি স্বাভাবিকভাবেই তখনো ১০ নম্বর জার্সিটি পাননি। সেই বিশ্বকাপে তিনি মাঠে নেমেছিলেন ১৯ নম্বর জার্সি পরে।
এর তিন বছর পরই অবশ্য ১০ নম্বর জার্সিটি পেয়ে যান মেসি। ২০০৯ সালের ২৮ মার্চ ভেনিজুয়েলার বিপক্ষে ম্যাচে প্রথমবারের মতো আর্জেন্টিনার লেজেন্ডারি ১০ নম্বর জার্সির মালিক হন মেসি। এরপর ২০১০ সালের বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে ম্যাচ থেকে শুরু করে ২০১৪, ২০১৮ এবং সর্বশেষ ২০২২ সালের কাতার বিশ্বকাপেও টানা এই ঐতিহাসিক জার্সিতেই মাঠ মাতিয়েছেন তিনি।
টানা চারবার ব্যর্থ হওয়ার পর পঞ্চম চেষ্টায় ২০২২ সালে এই ১০ নম্বর জার্সি পরেই আর্জেন্টিনাকে অধরা বিশ্বকাপ শিরোপা জেতান মেসি। এবার তার নেতৃত্বেই ট্রফি ধরে রাখার মিশনে নামবে আলবিসেলেস্তেরা। ২০২৬ বিশ্বকাপে মাঠে নামলে নিজের ক্যারিয়ারের রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলবেন মেসি।
একই সঙ্গে রেকর্ডসংখ্যক পঞ্চমবারের মতো বিশ্বকাপের মঞ্চে ১০ নম্বর জার্সি পরে খেলার অনন্য এক কীর্তি গড়বেন তিনি। এর মাধ্যমে মেসি পেছনে ফেলবেন আর্জেন্টিনার আরেক কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনাকে। ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী অধিনায়ক ম্যারাডোনা তার ক্যারিয়ারে মোট চারটি বিশ্বকাপে ১০ নম্বর জার্সি পরে খেলেছিলেন।

স্পোর্টস ডেস্ক