এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
২০২০ সালে আকবর আলির হাত ধরে যুব বিশ্বকাপ শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর থেকে যুব দলে প্রত্যাশা অনুযায়ী তেমন সাফল্য পাচ্ছে না। তবে অতীতের সব স্মৃতি পেছনে ফেলে নতুন স্বপ্ন নিয়ে ২০২৬ আসরে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য যুব টাইগারদের। সেই লক্ষ্য সামনে রেখে ওমানে অনুষ্ঠেয় অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
শনিবার (৩১ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের দল ঘোষণা করে বোর্ড। ঘোষিত দলের অধিনায়ক হয়েছেন ফরিদ হাসান ফয়সাল। সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন নওগাঁর ক্রিকেটার আহসান আল মুমিন।
২০২৬ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপেও বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন ফারিদ হাসান ফয়সাল। এবার এশিয়া কাপে অধিনায়কত্বের দায়িত্ব পেয়ে নেতৃত্বের দক্ষতা প্রমাণের সুযোগ পাচ্ছেন এই তরুণ ক্রিকেটার।
অন্যদিকে, সহ-অধিনায়ক আহসান আল মুমিনও রয়েছেন দারুণ ছন্দে। যুব ক্রিকেট লিগে নর্থ জোনের হয়ে খেলার পাশাপাশি ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৮ জাতীয় টুর্নামেন্টে রাজশাহী বিভাগের প্রতিনিধিত্ব করেছেন তিনি।
যুব পর্যায়ে প্রায় ৫৮ ম্যাচে মুমিনের সংগ্রহ ২ হাজার ২১১ রান ও ১১ উইকেট। সম্প্রতি আফগানিস্তানের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও ব্যাট হাতে ৫৪ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছেন তিনি।
এশিয়া কাপের আগে ওমানে আফগানিস্তানের বিপক্ষে যুব ওয়ানডে সিরিজ খেলে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ। সিরিজে ব্যাট হাতে উল্লেখযোগ্য পারফরম্যান্স দেখিয়েছেন রাকিবুল হোসেন, আহসান আল মুমিন ও শেখ জারিফ সিয়াম। অন্যদিকে, বল হাতে নজর কেড়েছেন রুবায় ইসলাম রিজন। সিরিজের প্রথম ম্যাচে অভিষেকেই পাঁচ উইকেট শিকার করেন তিনি।
যুব ক্রিকেটের এই মহাদেশীয় আসরে ভালো করার প্রত্যাশা নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে ২০২৩ ও ২০২৪ সালের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। সেই সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখে এবারও শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নামবে তরুণ টাইগাররা।
বাংলাদেশের ১৫ সদস্যে ঘোষিত স্কোয়াডঃ
ফরিদ হাসান ফয়সাল (অধিনায়ক),আহসান আল মুমিন, আবদুল্লাহ আল মুহি, ফারহান সাদিক, কাউসার আহমেদ, তাফিউল আলম তামিম, শাকিল খান, রাকিবুল হোসেন, শেখ জারিফ সিয়াম, আল আমিন হোসাইন রনি, অল রাফি, রবিউল হাসান অনিক, শেখ আতিউর রহমান আকাশ, আল আমিন হোসেন ও রুবায় ইসলাম রিজন।

স্পোর্টস ডেস্ক