মেসির জোড়া গোলে মায়ামির স্বস্তির জয়
লিওনেল মেসি জোড়া গোল করেছেন—এ আর এমন কী খবর! তবে, ৮ গোলের থ্রিলারে ভরপুর ম্যাচে মেসির জোড়া গোলে স্বস্তির জয় পেয়েছে মায়ামি। মেসির কল্যাণে দুবার পিছিয়ে পড়েও প্রতিপক্ষের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে মায়ামি। মেজর লিগ সকারে আজ বৃহস্পতিবার (১৪ মে) সিনসিনাটির বিপক্ষে ৫-৩ গোলে জিতেছে মায়ামি।
২৪ মিনিটে মেসির গোলে প্রথম লিড নেয় মায়ামি। ৪১ মিনিটে কেভিন ডেনকির পেনাল্টিতে সমতায় ফেরে সিনসিনাতি। প্রথমার্ধ শেষ হয় ১-১ স্কোরলাইনে। বিরতি থেকে ফিরে ৪৯ মিনিটে পাভেল বুচার গোলে স্বাগতিকরা ২-১ ব্যবধানে এগিয়ে যায়। ৬ মিনিট পর লুইস সুয়ারেজের পাস থেকে কাটব্যাক শটে গোল করে সমতা ফেরান মেসি।
৬৪ মিনিটে এভান্ডারের দূরপাল্লার শটে আবারও এগিয়ে যায় সিনসিনাতি। ৩-২ এ পিছিয়ে যাওয়া মায়ামি হাল ছাড়েনি। ৭৯ মিনিটে মাতেও সিলভেট্টির গোলে সমতা ফেরানোর পর ৮৪ মিনিটে জার্মান বারতেরামের গোল এগিয়ে দেয় মায়ামিকে।
৮৯ মিনিটে মেসির শট পোস্টে লেগে গোলরক্ষকের গায়ে স্পর্শ করে জালে ঢুকলে স্কোরলাইন দাঁড়ায় ৫-৩। যদিও পরে সেটিকে আত্মঘাতী গোল হিসেবে ধরা হয়।
তাতে অবশ্য মায়ামির কিছু যায় আসেনি। ততক্ষণে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে তারা। শেষ পর্যন্ত জয়ের হাসি নিয়েই মাঠ ছাড়েন মেসি-সুয়ারেজরা।

স্পোর্টস ডেস্ক