সেঞ্চুরি করে শান্তর অনন্য রেকর্ড
মিরপুর শেরে-ই-বাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে টেস্টের প্রথম দিনটি নিজের করে নিলেন নাজমুল হোসেন শান্ত। দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকানোর পাশাপাশি বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে অধিনায়ক হিসেবে এক অনন্য রেকর্ড গড়েছেন তিনি।
চা বিরতির ঠিক আগের ওভারে নাটকীয়ভাবে শেষ হয় শান্তর ইনিংস। মুহাম্মদ আব্বাসের বলে এলবিডব্লিউর জোরালো আবেদনে আম্পায়ার সাড়া না দিলেও রিভিউ নিয়ে সফল হয় পাকিস্তান। ফলে মুমিনুল হকের সঙ্গে ১৭০ রানের জুটির পতন ঘটে এবং সাজঘরে ফেরেন টাইগার অধিনায়ক।
আউট হওয়ার ঠিক আগের বলেই আব্বাসকে দর্শনীয় কাভার ড্রাইভ করে চার মেরে নিজের সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। ১২৯ বলে সাজানো তাঁর এই ইনিংসে ছিল ১২টি চার ও ২টি ছক্কার মার। পাকিস্তানের বিপক্ষে শান্তর এই সেঞ্চুরি তার টেস্ট ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় এক ইনিংস হয়ে থাকবে। কারণ এই শতকের মাধ্যমেই তিনি ছাড়িয়ে গেছেন সাবেক অধিনায়ক মুশফিকুর রহিমকে।
বাংলাদেশের হয়ে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন নাজমুল হোসেন শান্ত। মাত্র ১৭ ম্যাচে নেতৃত্ব দিয়ে ৫টি সেঞ্চুরি করে এই রেকর্ডের চূড়ায় বসলেন তিনি। এর আগে ৩৪ ম্যাচে ৪টি সেঞ্চুরি নিয়ে এই রেকর্ডের শীর্ষে ছিলেন মুশফিকুর রহিম।
২০২৩ সালে অধিনায়কত্ব পাওয়ার পর শুরু হয় শান্তর এই রেকর্ডের পথচলা। সেই বছরের ডিসেম্বরে অধিনায়ক হিসেবে নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম সেঞ্চুরি করেন তিনি। ২০২৪ সালের জুনে শ্রীলঙ্কার বিপক্ষে গলে করেন জোড়া সেঞ্চুরি।
এরপর ২০২৫ সালের নভেম্বরে আয়ারল্যান্ডের বিপক্ষে চতুর্থ সেঞ্চুরি তুলে নেন শান্ত। আর আজ মিরপুরে পাকিস্তানের বিপক্ষে পঞ্চম সেঞ্চুরি করে ছাড়িয়ে গেলেন মুশফিককে।

স্পোর্টস ডেস্ক