হোয়াইটওয়াশ এড়াতে ব্যর্থ বাংলাদেশ
প্রথম দুই টি-টোয়েন্টিতে হেরে সিরিজ আগেই হাতছাড়া করেছে বাংলাদেশ। আজ শনিবার (২ মে) শেষ ম্যাচে মান বাঁচানোর লড়াই ছিল বাংলাদেশের সামনে। সেখানেও ব্যর্থ নিগার সুলতানারা। খুব কাছে গিয়ে হেরেছে ম্যাচ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার কাছে বাংলাদেশ হেরেছে ৩ রানে।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ৯ ওভারে ৬ উইকেটে ৮৭ রান করে শ্রীলঙ্কা। জবাবে ৯ ওভারে ৬ উইকেটে ৮৪ রানে থামে বাংলাদেশ।
রান তাড়ায় বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ১৫ বলে ২১ রান করেন সুবহানা মুস্তারি। ১১ বলে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান আসে জুরাইরা ফেরদৌসের ব্যাট থেকে। বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা করেন ৯ বলে ১৩ রান।
শেষ ওভারে বাংলাদেশের জয়ের জন্য ১৪ রান দরকার ছিল। সেটি পার করতে পারেনি স্বাগতিকরা। আসে ১০ রান। তাতে কাছে গিয়ে পুড়তে হয় হারের বেদনায়।
টস জিতে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতেই বাংলাদেশের ওপর চড়াও হয় শ্রীলঙ্কা। দুই ওপেনার চামারি আতাপাত্তু আর ইমেশা দুলহানি গড়েন ৪৩ রানের জুটি। ১০ বলে ১৯ রানের ইনিংস খেলে ইমেশা ফিরলে ভাঙে সেই জুটি।
লঙ্কানদের পরের ব্যাটাররা অবশ্য সেভাবে আর দায়িত্ব নিতে পারেননি। দ্রুতই ফিরে গেছেন হর্ষিতা সামারাবিক্রমা (৪ বলে ৩), হানসিমা করুনারত্নে (৪ বলে ২), নিলাকশিখা সিলভারা (২ বলে ১)।
তবে, একপ্রান্ত আগলে রেখে শেষ পর্যন্ত খেলে যান আতাপাত্তু। শেষ বলে আউট হওয়ার আগে ঝড়ো ব্যাটিংয়ে ২৭ বলে ৪২ রানের ইনিংস খেলেন তিনি। আর শেষদিকে নেমে ৭ বলে ১৫ রানের ইনিংস খেলেন কাভিশা দিলারি।
বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট শিকার করেছেন সুলতানা খাতুন। একটি উইকেট নিয়েছেন সানজিদা আক্তার মেঘলা।

ক্রীড়া প্রতিবেদক