বাংলাদেশ-নিউজিল্যান্ড ম্যাচ নিয়ে সুখবর
গত কয়েকদিন ধরে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে। বৃষ্টির এই থাবায় তো টস পর্যন্ত হয়নি বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টিতে। বন্দর নগরী চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরেছে খেলা। সকাল থেকে ঢাকার আবহাওয়া রোদ-মেঘের লুকোচুরি খেলা দেখাচ্ছে। সেই খেলা দূরে সরিয়ে কী মাঠে গড়াবে তৃতীয় টি-টোয়েন্টি?
আজ শনিবার (২ এপ্রিল) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। খেলা শুরু হবে দুপুর ২টায়। সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও নাগরিক টিভি। অনলাইনে দেখা যাবে ট্যাপম্যাড অ্যাপে।
আরো পড়ুন : সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ
দেশের ক্রিকেটপ্রেমীদের জন্য সুখবর দিয়েছে আবহাওয়াভিত্তিক ওয়েবসাইট আকুওয়েদার। তাদের তথ্যানুযায়ী, ঢাকার আকাশ আজ কিছুটা মেঘলা থাকলেও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। এর বাইরে সকালের আকাশটাও পুড়ছে সূর্যতাপে।
প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে দাপুটে জয়ে তিন ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ মাঠে না গড়ানোয় সেই ব্যবধানে কোনো পরিবর্তন আসেনি। চট্টগ্রামে দীর্ঘক্ষণ অপেক্ষার পরও দ্বিতীয় টি-টোয়েন্টির টস পর্যন্ত করা যায়নি। পরে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন ম্যাচ রেফারি অ্যান্ড্রি পাইক্রফট।
সাম্প্রতিক টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের সাফল্য আর নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচ জয়ের আত্মবিশ্বাস– দুটোই শেষ ম্যাচে এগিয়ে রাখবে লিটন দাসের দলকে। এর সঙ্গে মিরপুরের উইকেট তো হাতের তালুর মতোই চেনা টাইগার ক্রিকেটারদের। সবমিলিয়ে এগিয়ে থেকেই সিরিজ জয়ের মিশনে নামবে বাংলাদেশ।

স্পোর্টস ডেস্ক