খেলোয়াড়দের জন্য স্থায়ী বেতন কাঠামো আনছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
নতুন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন সাবেক ফুটবলার মো. আমিনুল হক। গতকাল মঙ্গলবার ক্রীড়া প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তিনি।
আজ বুধবার (১৮ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে মন্ত্রণালয়ের অফিস করেছেন আমিনুল। নিজের প্রথম দিনেই ক্রীড়া নিয়ে বেশকিছু কর্মসূচি ঘোষণা করেছেন তিনি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কর্মসূচির কথা জানানো হয়।
দেশের ক্রীড়াঙ্গনের উন্নতি খেলাধুলাকে পেশা হিসেবে দাঁড় করাতে কর্মসূচি গ্রহণের কথা জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘খেলাধূলাকে পেশা হিসাবে প্রতিষ্ঠাকরণ এবং সব খেলার জাতীয় দলের খেলোয়াড়দের একটি স্থায়ী বেতন কাঠামোর আওতায় নিয়ে আসার ব্যবস্থা করা হবে।’
সারাদেশ থেকে তরুণ প্রতিভাবানদের তুলে আনার জন্যও কর্মসূচি নিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়। সেসব উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “জাতীয় শিক্ষাক্রমে ৪র্থ শ্রেণি থেকে খেলাধূলাকে ব্যধ্যতামূলক করার ব্যবস্থা গ্রহণ করা হবে। 'নতুন কুঁড়ি স্পোর্টস' কর্মসূচির মাধ্যমে ১২ থেকে ১৪ বছরের প্রতিভাবান ক্রীড়া শিক্ষার্থীদের বৃত্তি প্রদান কার হবে।”
তৃণমূলের ক্রীড়া অবকাঠামো বাড়নোর দিকেও নজর দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপজেলা-পর্যায়ে ক্রীড়া অফিস স্থাপন এবং ক্রীড়া অফিসার নিয়োগ দেওয়া, ৬৪ জেলায় ইনডোর সুবিধা সম্পন্ন স্পোর্টস ভিলেজ নির্মাণ ও সব মহানগরসহ দেশের গ্রামীণ জনপদে খেলার মাঠ স্থাপন বা উন্নয়নের ব্যবস্থা গ্রহণ।’
এছাড়াও বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিশেষ চাহিদাসম্পন্ন ও সুবিধা বঞ্চিতদের খেলার সুযোগ নিশ্চিতকরণ, দেশে ক্রীড়া সরঞ্জাম ইন্ডাস্ট্রি স্থাপন ও বিভিন্ন ব্যাংক ও করপোরেট সংস্থাকে খেলাধূলায় স্পন্সরশীপের জন্য সম্পৃক্তকরণ করা হবে।’

স্পোর্টস ডেস্ক