বিপিএল প্রতিবছর হওয়া উচিত: ক্রীড়া প্রতিমন্ত্রী
গত কয়েক বছর ধরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে চলছে নানা সমালোচনা। ফিক্সিংয়ের মতো বিষয়ও সামনে এসেছে। এমন অবস্থায় বিপিএলের এবারের আসর স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। শক্তিশালী মডেল দাঁড় তৈরি করে একবছর পর বিপিএল আয়োজন করতে চায় বিসিবি।
ভবিষ্যতের টুর্নামেন্টের রূপরেখা কেমন হবে, তা নিয়ে গত ২৯ আগস্ট রংপুর রাইডার্স, রাজশাহী ওয়ারিয়র্স ও ঢাকা ক্যাপিটালসের কর্তাব্যক্তিদের সঙ্গে বিশেষ বৈঠকও করেছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল।
পাশাপাশি ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সঙ্গেও আলোচনা সেরে নিয়েছে বোর্ড। এমনকি ঘরোয়া ক্রিকেটের ম্যাচ ফি বাড়িয়ে দেওয়ায় ক্রিকেটাররাও বোর্ডের এই সিদ্ধান্তে সম্মতি জানিয়েছেন। তবে বিপিএল না হওয়ার এই বড় সিদ্ধান্তটি সম্পর্কে ঘুণাক্ষরেও জানতেন না যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
আজ রোববার (৬ সেপ্টেম্বর) একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিপিএল বন্ধ থাকার গুঞ্জন নিয়ে কথা বলেন প্রতিমন্ত্রী। এ সময় তিনি অবাক হয়ে বলেন, ‘আমি তো আপনার কাছ থেকেই মাত্র শুনলাম বিপিএল হবে না।’
পরবর্তীতে বিষয়টি নিয়ে নিজের মতামত জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘বিপিএল জনপ্রিয় একটি টুর্নামেন্ট। আপনারা বলছেন বোর্ড সভাপতি কিছু যৌক্তিক কারণ তুলে ধরেছেন আপনাদের সামনে। আমার কাছে মনে হয় এই ধরনের টুর্নামেন্টগুলো প্রতি বছর হওয়া উচিত।’
ভবিষ্যতে বিপিএল যেন নিয়মিত হয়, সেদিকে নজর রাখার কথা জানিয়েছেন আমিনুল হক। ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এটা (বিপিএল) কেন হয়নি, তা নিয়ে কথা বলার প্রয়োজন রয়েছে। কিন্তু ভবিষ্যতে যাতে এই ধরনের খেলাগুলো ধারাবাহিকভাবে হয় সেই জায়গাগুলো আমরা অবশ্যই নজরদারিতে রাখব।’

স্পোর্টস ডেস্ক