বাংলাদেশের পক্ষ নিয়ে আইসিসির সমালোচনায় নাসের হুসেইন
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের– এটি এখন পুরোনো খবর। কিন্তু বাংলাদেশকে ঘিরে বিশ্বকাপ নিয়ে যে আলোচনা তৈরি হয়েছিল, সেটি থামছে না এখনো। পক্ষে-বিপক্ষে চলছে অনেক আলোচনা। সেই আলোচনায় যোগ দিলেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার নাসের হুসেইন।
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের এই উদ্বেগকে খুব একটা গুরুত্ব দেয়নি বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা। উল্টো তারা জানায়, ভারতে বাংলাদেশের কোনো নিরাপত্তা শঙ্কা নেই। ফলে বাংলাদেশের অনুরোধ রাখা সম্ভব নয়।
আইসিসির পক্ষ থেকে জানানো হয়, বিশেষ করে বিশ্বকাপের এক মাস বাকি থাকতে ম্যাচ স্থানান্তর করে শ্রীলঙ্কায় নেওয়া সম্ভব নয়। শেষ পর্যন্ত বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে ডাকা হয় স্কটল্যান্ডকে।
আইসিসির এই সিদ্ধান্তের কড়া সামালোচনা করেছেন নাসের হুসেইন। তিনি প্রশ্ন তুলেছেন, ভারত একই আবেদন করলে আইসিসি ভারতকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিতে পারত কি-না?
স্কাই স্পোর্টসের এক পডকাস্টে নাসের হুসেইন বলেন, ‘ভারত যদি টুর্নামেন্টের এক মাস আগে ভেন্যু বদলাতে চাইত তাহলে আইসিসি কি ওদের বাদ দিতে পারত? আমার মতে, আইন সবার জন্য একইভাবে প্রযোজ্য হওয়া উচিত, সেটা ভারত, পাকিস্তান বা বাংলাদেশ যেই হোক।’
দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশকে ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে বাধ্য করার সিদ্ধান্ত আইসিসি নিলেও এর পেছনে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) জোরালো ভূমিকা ছিল।
নাসের হুসেইনের কণ্ঠেও তেমন কথাই শোনা গেল। তিনি বলেন, ‘আপনি যদি পাকিস্তান-বাংলাদেশকে সবসময় কোণঠাসা করে রাখার চেষ্টা করেন, দিন শেষে এটা ক্রিকেটেরই ক্ষতি।’

স্পোর্টস ডেস্ক