দক্ষিণ আফ্রিকা সফর থেকেও ছিটকে গেলেন সাদমান, ডাক পাচ্ছে নতুন মুখ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিলেট টেস্টে ফিল্ডিং করতে গিয়ে গুরুতর চোটে পড়েছেন বাংলাদেশের ওপেনার সাদমান ইসলাম। চোটের কারণে চলমান টেস্ট থেকে ছিটকে গেছেন বাঁহাতি এই ব্যাটার। শুধু তাই নয়, আসন্ন দক্ষিণ আফ্রিকা সফরেও তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
শুক্রবার (৬ নভেম্বর) সিলেট টেস্টের দ্বিতীয় দিনে ঘটে এই দুর্ঘটনা। মেহেদী হাসান মিরাজের করা ৭৮তম ওভারের প্রথম বলে লেগ সাইডে ফ্লিক করেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটার আমির জাঙ্গু। বলটি সীমানার দিকে গড়িয়ে গেলে তা আটকাতে দ্রুত ছুটে যান সাদমান। তবে বাউন্ডারির কাছাকাছি গিয়ে নিচু হয়ে বল থামানোর চেষ্টা করতে গিয়েই বিপত্তি ঘটে। মাটিতে আটকে যায় তার বাঁ পায়ের গোড়ালি। মুহূর্তেই তীব্র যন্ত্রণায় মাঠে লুটিয়ে পড়েন তিনি।
পরে ড্রেসিংরুমে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও অবস্থার উন্নতি না হওয়ায় হুইলচেয়ারে করে মাঠ ছাড়তে হয় তাকে। এরপর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হয় সাদমানকে। স্ক্যানের রিপোর্টে তার গোড়ালিতে মচকানোর পাশাপাশি লিগামেন্টেও চোটের বিষয়টি ধরা পড়েছে।
চিকিৎসকদের পর্যবেক্ষণে আপাতত অন্তত তিন সপ্তাহ থাকতে হবে সাদমানকে। এরপর তার শারীরিক অবস্থার অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী চিকিৎসা ও মাঠে ফেরার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সব মিলিয়ে দক্ষিণ আফ্রিকা সফরে তাকে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। ফলে আসন্ন সিরিজে নতুন ওপেনার খুঁজতে হতে পারে বাংলাদেশ দলকে।
সাদমানের অনুপস্থিতিতে দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দলে প্রথমবারের মতো ডাক পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে মাহফিজুল ইসলাম রবিনের। এছাড়া দীর্ঘ বিরতির পর জাতীয় দলে ফেরার অপেক্ষায় থাকা মাহমুদুল হাসান জয়ও রয়েছেন বিবেচনায়। ফলে ওপেনিং পজিশনে নতুন সমীকরণ সামনে এসেছে নির্বাচকদের।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ নির্ধারণী দ্বিতীয় টেস্ট শেষ করেই দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ছাড়বেন বাংলাদেশ দলের ক্রিকেটাররা। আগামী ১০ ও ১১ নভেম্বর দুই ভাগে দেশটিতে পৌঁছাবেন ক্রিকেটার ও কোচিং স্টাফরা। সে ক্ষেত্রে ওপেনিংয়ে সম্ভাব্য বিকল্প চূড়ান্ত করে দ্রুতই দক্ষিণ আফ্রিকা সফরের টেস্ট দল ঘোষণা করতে পারে বিসিবি।
সূচি অনুযায়ী, আগামী ১৫ থেকে ১৯ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট এবং ২৩ থেকে ২৭ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় ও শেষ টেস্ট। এই সূচির আগে সাদমানের পুরোপুরি সুস্থ হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাটা বেশ কঠিন। ফলে গুরুত্বপূর্ণ এই সফরে তাকে ছাড়াই পরিকল্পনা সাজাতে হতে পারে বাংলাদেশকে।

স্পোর্টস ডেস্ক