বিশ্বকাপে থাকছে বাংলাদেশের দুই আম্পায়ার
শুরু থেকে শেষ—বাংলাদেশের অবস্থান ছিল একই, নিরাপত্তা শঙ্কার কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ। টাইগারদের ম্যাচগুলো সহ-আয়োজক দেশ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার আবেদন করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগকে সেভাবে গুরুত্ব দেয়নি আইসিসি। টাইগারদের পরিবর্তে বিশ্বকাপ খেলতে ডেকেছে স্কটল্যান্ডকে। ফলে এবারের বিশ্বকাপে খেলা হচ্ছে না বাংলাদেশের।
তবে বিশ্বকাপে বাংলাদেশ না থাকলেও বিশ্বমঞ্চে থাকছে বাংলাদেশের প্রতিনিধি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন দুই বাংলাদেশি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত ও গাজী সোহেল।
আজ শুক্রবার (৩০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিশ্বকাপের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। সেখানেই দেখা গেছে বাংলাদেশের এই দুই আম্পয়ারের নাম।
আইসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের বিশ্বকাপে ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন মোট ছয়জন। তারা হলেন- অস্ট্রেলিয়ার ডেভিড গিলবার্ট, ইংল্যান্ডের ডিন কস্কার, জিম্বাবুয়ের অ্যান্ড্রু পাইক্রফট, রিচি রিচার্ডসন ও জাভাগাল শ্রীনাথ ও শ্রীলঙ্কার রঞ্জন মাদুগালে।
অন্যদিকে, আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন মোট ২৪ জন। তারা হলেন- শরফুদ্দৌল্লা ইবনে শহীদ সৈকত, গাজী সোহেল, রোল্যান্ড ব্ল্যাক, ক্রিস ব্রাউন, কুমার ধর্মসেনা, ক্রিস গাফানি, অ্যাড্রিয়ান হোল্ডস্টক, রিচার্ড ইলিংওয়ার্থ, রিচার্ড কেটলবরো, ওয়েন নাইটস, ডোনোভান কখ, জয়ারামন মাদানাগোপাল, নিতিন মেনন, স্যাম নোগাজস্কি, কে এন পদ্মনাভান, আলাহুদ্দিন পালেকার, আহসান রাজা, লেসলি রেইফার, পল রেইফেল, ল্যাংটন রুসেরো, রডনি টাকার, অ্যালেক্স ওয়ার্ফ, রাভীন্দ্রা বিমালাসিরি ও আসিফ ইয়াকুব।
প্রসঙ্গত, আগামী ৭ ফেব্রুয়ারি পর্দা উঠবে বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও পাকিস্তান। কলম্বোর সিংগলিজ স্পোর্টস ক্লাব মাঠে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। এই ম্যাচে আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা ও ওয়েন নাইট।

স্পোর্টস ডেস্ক