শেষ ওভারের রোমাঞ্চে আয়ারল্যান্ডকে হারিয়ে ইতালির ইতিহাস
এবারই প্রথম আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের সঙ্গে সিরিজ খেলতে নেমেছিল ইতালি। সেই প্রথমটাকে আরও রাঙিয়ে রাখল সিরিজের শেষ ম্যাচে শেষ ওভারের রোমাঞ্চ জিতে। শেষ ওভারে জয়ের জন্য ১৬ রানের সমীকরণ প্রথম তিন বলেই মিলিয়ে ফেলে ইতালি। ব্যারি ম্যাককার্থিকে টানা তিন ছক্কায় উড়িয়ে ইতালিকে স্মরণীয় জয় এনে গ্র্যান্ট স্টুয়ার্ট।
নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার আইসিসির কোনো পূর্ণ সদস্য দেশের বিপক্ষে খেলতে নেমে প্রথম সিরিজেই জয় পেল ইতালি। সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচে আইরিশদের ৪ উইকেটে হারিয়েছে ইতালিয়ানরা।
আয়ারল্যান্ডের বিপক্ষে এটিই ছিল ইতালির প্রথম দ্বিপাক্ষিক সিরিজ। প্রথম দুই ম্যাচ হেরে সিরিজ আগেই হাতছাড়া হয়েছিল তাদের। তবে তৃতীয় ম্যাচে ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাস্য এক জয় তুলে নিয়েছে তারা।
আয়ারল্যান্ডের দেওয়া ১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে ইতালি।
রান তাড়া করতে নেমে পাওয়ার প্লেতেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে ইতালি। দলের পক্ষে সর্বোচ্চ ৩৯ রানের ইনিংস খেলেন উইয়ান ম্যাডসন। এ ছাড়া পিয়েরে ২২ ও স্মুট ১৪ রান করেন। আর শেষদিকে ব্যাটহাতে ঝড় তুলে ইতালিকে জেতান স্টেয়ার্ট। ১৯ বলে ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি।
এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বিপদে পড়ে আয়ারল্যান্ড। ওপেনার রস আডায়ের মাত্র ৬ রানে বিদায় নেন। দলের অভিজ্ঞ ব্যাটার হ্যারি টেক্টর (১৩) ও লরকান টাকার (০) দ্রুত সাজঘরে ফিরলে বড় সংগ্রহের স্বপ্ন ফিকে হয়ে যায় আইরিশদের।
তবে অধিনায়ক পল স্টার্লিংয়ের সর্বোচ্চ ৪৫ রানের লড়াকু ইনিংসে ভর করে ১৫৪ রান তুলতে সক্ষম হয় আয়ারল্যান্ড। এ ছাড়া মার্ক আডায়ের ২৫ ও বেন কালিজ ২২ রান করেন।
ইতালির এই জয় বিশ্ব ক্রিকেটের উদীয়মান দলগুলোর জন্য বড় এক অনুপ্রেরণা হয়ে থাকবে। পূর্ণ সদস্যের কোনো দলের বিপক্ষে এমন জয় ইতালিয়ান ক্রিকেটের ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করল।
বাছাইপর্বের চ্যালেঞ্জ উতরে প্রথমবারের মতো আইসিসি বিশ্বকাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে চারবারের ফুটবল বিশ্বকাপ জয়ী দেশ ইতালি। বিশ্বকাপের আগে নিজেদের গুছিয়ে নিতে এই সিরিজ খেলল দল দুটি।
আগামী ৯ ফেব্রুয়ারি কলকাতার ইডেন গার্ডেন্সে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ইতালি। ম্যাচটি তাদের খেলার কথা ছিল মূলত বাংলাদেশের বিপক্ষে। কিন্তু নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশ দল ভারতে যেতে রাজি না হওয়ায় স্কটল্যান্ডকে সুযোগ দিয়েছে আইসিসি।

স্পোর্টস ডেস্ক