আয়ারল্যান্ডকে হারিয়ে ইতিহাস গড়ল নামিবিয়া
পাঁচ ম্যাচের সিরিজে মুখোমুখি হয়েছিল আয়ারল্যান্ড আর নামিবিয়া। আইসিসির পূর্ণ সদস্যের দেশ আয়ারল্যান্ড। আর আফ্রিকার দেশ নামিবিয়া এখনো আইসিসির সহযোগী সদস্যের দেশ। আফ্রিকান দলটিই হারিয়ে দিয়েছে আয়ারল্যান্ডকে। পাঁচ ম্যাচ সিরিজ নিজেদের করে নিয়েছে ৩-২ ব্যবধানে।
রোববার (২ নভেম্বর) উইন্ডহোকে অনুষ্ঠিত সিরিজ নির্ধারণী ওয়ানডেতে আয়ারল্যান্ডকে পাঁচ উইকেটে হারিয়েছে নামিবিয়া। এই জয়ের মাধ্যমেই সিরিজ নিশ্চিত করে তারা। এতেই ইতিহাস গড়েছে দলটি। আইসিসির পূর্ণ সদস্যের কোনো দলের বিপক্ষে এই প্রথম দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল নামিবিয়া।
আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপের সহ-আয়োজক নামিবিয়ার ক্রিকেট ইতিহাসে এই সাফল্য এক বিরাট অনুপ্রেরণা হয়ে থাকবে। সিরিজের শেষ ও অঘোষিত ফাইনালে দুর্দান্ত বোলিং করে সফরকারী আয়ারল্যান্ডকে মাত্র ১২৯ রানে গুটিয়ে দেয় নামিবিয়ার বোলাররা। দুই পেসার জেজে স্মিথ ও জ্যাক ব্রাসেল মিলে শিকার করেন ৭টি উইকেট।
সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ওপেনার লরেন স্টিনক্যাম্পের দায়িত্বশীল ৪২ রান এবং অধিনায়ক গেরহার্ড এরাসমাসের গুরুত্বপূর্ণ ৩০ রানের সুবাদে ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় নামিবিয়া।
অসাধারণ অলরাউন্ড পারফরম্যান্স উপহার দিয়ে পুরো সিরিজে ২৬৩ রান ও ৪ উইকেট শিকার করে ম্যান অব দ্য সিরিজ হয়েছেন অধিনায়ক এরাসমাস। আর সিরিজ নির্ধারণী ম্যাচে মাত্র ৯ ওভার বল করে ৪ উইকেট তুলে নিয়ে ম্যাচসেরার পুরস্কার জিতেছেন জেজে স্মিথ।
আইরিশরা ইতোমধ্যে আসন্ন ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলা নিশ্চিত করলেও নামিবিয়াকে এর আগে খেলতে হবে কোয়ালিফায়ার প্লে-অফ। তবে পূর্ণ সদস্যের বিপক্ষে এই সিরিজ জয় নামিবিয়া দলকে বিশ্বমঞ্চের লড়াইয়ে নামার আগে দারুণ আত্মবিশ্বাস জোগাবে।

স্পোর্টস ডেস্ক